তুচ্ছ ঘটনায় সীতাকুণ্ডে জেলে পল্লিতে হামলা
সীতাকুণ্ডের কুমিরার জেলেপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জেলেদের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ হামলায় জেলেপাড়ার নারীসহ ১২ জন আহত হয়েছেন।
আহতদের সীতাকুণ্ডসহ নগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্বৃত্তরা চারটি বসতঘরে ভাঙচুর ও লুটপাট চালায়। গত মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে ঘটনাটি ঘটে। খবর পেয়ে রাত নয়টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার গৌর দাশ নামে এক জেলে বাদী হয়ে নির্দিষ্ট সাতজন ও অজ্ঞাত ৬০ জনসহ মোট ৬৭ জনকে আসামি করে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করেন।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার সকালে ময়লা পানি ফেলাকে কেন্দ্র করে লোকনাথ মন্দিরের সেবায়েত রূপ দাশ ও তাঁর ভাই গৌর দাশের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ঝগড়া বেধে গেলে সন্ধ্যার দিকে রূপ দাশ মুঠোফোনে খবর দিয়ে এলাকার মহিউদ্দিন, আবছার ও ফছিউল আলমকে নিয়ে আসেন। তাঁদের সঙ্গে যোগ দেয় আরও ৩০-৪০ জন দুর্বৃত্ত। এ সময় তারা ওই এলাকায় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে জেলেদের বাড়িঘরে হামলা চালায়। তারা চায়নিজ কুড়াল দিয়ে ক্ষুদিরাম, সুবল, রাম দাশ ও গৌর দাশের বসতঘরের বেড়া কুপিয়ে তছনছ করে ঘরের আসবাবপত্র ভাঙচুর করে। তাদের বাধা দিতে গিয়ে ক্ষুদিরাম, সুবল, রাম দাশ, প্রেম দাশ, সুমন, লিলুবালা, ব্রজবালা, রেখা রানী, আলো রানী, নমিতা, বুলবুলি ও সুমি দাশ আহত হন।
সীতাকুণ্ড থানার উপপরিদর্শক নজরুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, পুলিশ সেখানে উপস্থিত হলে দুর্বৃত্তদের ইটপাটকেল পুলিশের গাড়িতেও পড়ে। পরে সেখান থেকে লোকনাথ মন্দিরের পুরোহিত রূপ দাশ প্রকাশ সাধুকে গ্রেপ্তার করা হয়। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।