তুচ্ছ ঘটনায় হামলা, মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার রাতে ছাত্রলীগ নামধারী একদল যুবক চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় দোকানপাটে হামলা, দোকানদার ও পথচারীদের মারধর করেন।খবর পেয়ে রাতেই পাঁচলাইশ অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার আবদুল মান্নান ও পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।ওসি মো. ইসমাইল হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই হামলাকারীরা চলে যায়।’চট্টগ্রামের উপপুলিশ কমিশনার (উত্তর) আমেনা বেগম বলেন, ঘটনাস্থল থেকে দুটি কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, হামলার সময় এলাকার লোকজন মুঠোফোনে ঘটনার দৃশ্য ধারণ করে। পুলিশ সেই সব ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বুধবার বিকেলে মেহেদী নামের এক ব্যক্তি তাঁর বোনকে নিয়ে রিকশায় চড়ে শুলকবহর থেকে মুন্সিপুকুর এলাকায় যাচ্ছিলেন। শুলকবহর কাশেমুল উলুম মাদ্রাসার সামনে গর্তে চাকা পড়ে রিকশাটি উল্টে যায়। এ সময় আজাদ নামের এক ব্যক্তি রিকশা উল্টে যাওয়ার জন্য রিকশাওয়ালাকে দায়ী করলে মেহেদী এর প্রতিবাদ করেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে মেহেদীকে চড় মারেন আজাদ। তবে স্থানীয় লোকজন এসে দ্রুত বিষয়টি মীমাংসা করে দেয়।প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০টার দিকে চকবাজার ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি নুরুল মোস্তফা ওরফে পিনু ও স্থানীয় দেলোয়ারের নেতৃত্বে একদল যুবক শোলকবহরে যান। তাঁরা এলজি থেকে আকাশের দিকে গুলি ছোড়েন। এ সময় তাঁরা দোকানপাটে হামলা এবং দোকানদার ও পথচারীদের মারধর করেন।শুলকবহর মহল্লা কমিটির সমাজকল্যাণ সমিতির সমাজকল্যাণ সম্পাদক সেবায়েত উল্লাহ ওরফে মাসুম প্রথম আলোকে বলেন, ‘তারা আমাকে মারধর শুরু করলে আমি নিজেকে আওয়ামী লীগের কর্মী পরিচয় দেই। এতে তারা আরও ক্ষিপ্ত হয়ে আমার হাঁটু ও কোমরে লাঠি দিয়ে আঘাত করে এবং বগলের নিচে ছুরিকাঘাত করে।’ তিনি জানান, হামলায় কমপক্ষে ছয়জন আহত হয়েছে।সূত্র জানায়, এ ঘটনায় আহত দোকান কর্মচারী সুমন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তিনি বাদী হয়ে মামলা করবেন।এ ঘটনার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার শুলকবহর এলাকায় সারা দিন সব দোকানপাট বন্ধ ছিল। সকালে উপপুলিশ কমিশনার (উত্তর) আমেনা বেগম ও পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।