তুফানের ধর্ষণ-নির্যাতনের শিকার ছাত্রী বাড়িতে

বগুড়ায় শ্রমিক লীগ নেতা (বর্তমানে বহিষ্কৃত) তুফান সরকারের ধর্ষণ ও নির্যাতনের শিকার সেই ছাত্রী এবং নির্যাতনের শিকার তার মা তিন মাস পর আজ বুধবার আদালতের নির্দেশে বাড়ি ফিরেছেন। সন্ধ্যা ছয়টার দিকে শহরের নামাজগড় বেগুনবাড়ি লেনের ভাড়া বাসায় ফেরার পর সেখানে পুলিশি পাহারা বসানো হয়েছে।
এর আগে ওই নির্যাতিত ছাত্রী ও তার মাকে রাজশাহী মহানগরের সেফহোম ও ভিকটিম সাপোর্ট সেন্টার থেকে বুধবার বগুড়ার শিশু আদালতের বিচারক মোহাম্মদ ইমদাদুল হকের আদালতে হাজির করা হলে দুজনকেই নির্যাতিত মেয়েটির বাবার জিম্মায় বাড়ি ফেরার আদেশ দেওয়া হয়। বিকেলে আদালত থেকে ছাড়া পেয়ে পুলিশি পাহারায় তাঁরা ভাড়া বাসায় ফেরেন।
নির্যাতিত মেয়েটির মা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সন্ধ্যা ছয়টার দিকে পুলিশি পাহারায় শহরের বেগুনবাড়ি লেনের ভাড়া বাসায় ফিরেছি। বাসার সামনে দুজন পুলিশ পাহারা রয়েছে। তিন মাস পর বাসায় ফিরে নিরাপত্তাহীনতায় ভুগছেন কি না, জানতে চাইলে তিনি বলেন, নিরাপত্তাহীনতা তো রয়েছেই। তবে বাসায় পুলিশি পাহারা থাকায় ভয় কিছুটা কম লাগছে।
বগুড়া শিশু আদালতের সরকারি কৌঁসুলি মোহাম্মদ আমানুল্লাহ প্রথম আলোকে বলেন, গত ৭ আগস্ট নিরাপত্তার কারণে আদালত ধর্ষণের শিকার ছাত্রীকে রাজশাহী মহানগরীর বায়া এলাকার সেফহোমে এবং তার মাকে নগরীর শাহ মখদুম থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানোর নির্দেশ দেন। কিন্তু মেয়েটির বাবা তাঁর জিম্মায় স্ত্রী-কন্যাকে দেওয়ার জন্য ৩০ অক্টোবর শিশু আদালতে আবেদন করেন। ওই দিন বিচারক ইমদাদুল হক ৮ নভেম্বর শুনানির দিন ধার্য করে মা-মেয়েকে আদালতে হাজির করার নির্দেশ দেন। সেই অনুযায়ী বুধবার মা ও মেয়েকে আদালতে হাজির করা হলে বিচারক দুজনকেই আবেদনকারীর জিম্মায় বাড়ি ফেরার নির্দেশ দেন।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী প্রথম আলোকে বলেন, রাষ্ট্রের যেকোনো নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পুলিশের। মেয়েটি আলোচিত মামলার ভিকটিম এবং তার মা বাদী হওয়ায় পুলিশ আপাতত তাঁদের নিরাপত্তাকে অধিক গুরুত্ব দিচ্ছে।
ভালো কলেজে ভর্তির কথা বলে গত ১৭ জুলাই বিকেলে ওই ছাত্রীকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন বগুড়ার তৎকালীন শহর শ্রমিক লীগের আহ্বায়ক তুফান সরকার। পরে তুফান সরকারের স্ত্রী আশা এবং তাঁর বড় বোন নারী কাউন্সিলর মার্জিয়া হাসান মেয়েটি এবং তার মাকে বাড়িতে তুলে নিয়ে নির্যাতনের পর দুজনেরই মাথা ন্যাড়া করে দেন। এ ঘটনায় ধর্ষণের শিকার ছাত্রীর মা বাদী হয়ে ২৮ জুলাই মামলা করেন। পুলিশ তুফান সরকারসহ ১১ জন আসামিকে গ্রেপ্তার করে। গত ১০ অক্টোবর তদন্ত শেষে পুলিশ ধর্ষণ ও নারী নির্যাতনের পৃথক ধারায় ১৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। তবে আদালতে সেই অভিযোগপত্র এখনো গৃহীত হয়নি। ২৩ নভেম্বর ধর্ষণ মামলার অভিযোগপত্র গ্রহণের ব্যাপারে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বহিষ্কৃত শ্রমিক লীগ নেতা তুফান সরকার বর্তমানে গাজীপুরের কাশিমপুর কারাগারের হাইসিকিউরিটি সেলে এবং অন্য আসামিরা বগুড়া কারাগারে রয়েছেন।