তুমব্রু-ঘুনধুম সীমান্তে রোহিঙ্গা দম্পতি নিহত, বিস্ফোরণে আহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমারের মংগদু এলাকার একটি গ্রাম থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়ছে। গ্রামটি গতকাল আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় বলে মনে করা হচ্ছিল l ছবি: এএফপি
মিয়ানমারের মংগদু এলাকার একটি গ্রাম থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়ছে। গ্রামটি গতকাল আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় বলে মনে করা হচ্ছিল l ছবি: এএফপি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুনধুম ও তুমব্রু সীমান্তের শূন্যরেখায় রোহিঙ্গা আশ্রয়শিবিরের কাছে গত তিন দিনে গুলিতে ও বিস্ফোরণে দুজন নিহত ও এক নারী আহত হয়েছেন। গতকাল সোমবার বিস্ফোরণে আহত নারীকে রেড ক্রিসেন্টের অ্যাম্বুলেন্সে কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরের হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে গতকালও রোহিঙ্গারা দলে দলে সীমান্তের দিকে ছুটে এসেছেন। ঘুনধুম-তুমব্রু সীমান্তের ওপারে মাঝেমধ্যে গুলির শব্দ শোনা ও কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে। এতে স্থানীয় লোকজন আতঙ্কে রয়েছেন বলে জানিয়েছেন।

বিজিবির কর্মকর্তারা জানিয়েছেন, সীমান্তে বাংলাদেশের অংশে পরিস্থিতি শান্ত রয়েছে। মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সঙ্গে ২৫ আগস্টের পর থেকে যোগাযোগ না থাকায় তাদের অংশে কী অবস্থা, তা জানা যাচ্ছে না।

কক্সবাজারের উখিয়ার বালুখালী শিবিরে ঢুকছে নতুন আসা রোহিঙ্গারা। স্থানীয় এক কিশোরী তাদের পানির গ্লাস এগিয়ে দিচ্ছে। গত রোববার বিকেলে তোলা ছবি l প্রথম আলো
কক্সবাজারের উখিয়ার বালুখালী শিবিরে ঢুকছে নতুন আসা রোহিঙ্গারা। স্থানীয় এক কিশোরী তাদের পানির গ্লাস এগিয়ে দিচ্ছে। গত রোববার বিকেলে তোলা ছবি l প্রথম আলো

ঘুনধুম ও তুমব্রু এলাকার বাসিন্দারা জানিয়েছেন, তুমব্রু সীমান্তে মিয়ানমারের অংশে আশ্রয় নেওয়া এক রোহিঙ্গা দম্পতিকে গত শনিবার হত্যা করা হয়েছে। তুমব্রু বাজারের চৌধুরী আবু তাহের জানিয়েছেন, জাকের উল্লাহ ও তাঁর স্ত্রী আয়েশা বেগম আশ্রয় তাঁবু থেকে প্রায় এক কিলোমিটার দূরে ভেতরে গিয়েছিলেন। সেখানে মিয়ানমারের সেনাবাহিনীর কতিপয় সহযোগী জাকের উল্লাহকে গুলিতে ও আয়েশাকে ছুরির আঘাতে হত্যা করে। তাঁদের দুই বছরের এক ছেলে রয়েছে।

তুমব্রু বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুল হক বলেছেন, গতকাল বেলা পৌনে তিনটায় তুমব্রু বাজারের বিপরীতে সীমান্তের মিয়ানমারের অংশের কাঁটাতারের বেড়াসংলগ্ন এলাকায় বিস্ফোরণ ঘটে। সেখানে ফাতেমা বেগম (৪৫) নামের এক নারীর দুই পা উড়ে গেছে। ধারণা করা হচ্ছে, স্থলমাইন-জাতীয় বিস্ফোরক মাটিতে পুঁতে রাখা হয়েছিল। আহত ফাতেমাকে রেড ক্রিসেন্টের সদস্যরা অ্যাম্বুলেন্সে করে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরের হাসপাতালে নিয়ে যান। এর আগে রোববার সন্ধ্যায় তুমব্রু বাজারের দিকে লক্ষ্য করে মিয়ানমারের বাহিনী চারটি গুলি ছোড়ে। বাজারের আবদুল করিমের দোকানে একটি গুলি আঘাত করে।

ঘুনধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেছেন, তাঁরা একধরনের আতঙ্কে রয়েছেন। সীমান্তের ওপারে মাঝেমধ্যে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। ঘরবাড়িতে অগ্নিসংযোগের কালো ধোঁয়া ও হেলিকপ্টার ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে।

কক্সবাজারের উখিয়ায় একটি পরিত্যক্ত মুরগির খামারে অবস্থান নিয়েছে মিয়ানমার থেকে পালিয়ে আসা হিন্দু সম্প্রদায়ের কিছু সদস্য। গত রোববার দুপুরে তোলা ছবি l প্রথম আলো
কক্সবাজারের উখিয়ায় একটি পরিত্যক্ত মুরগির খামারে অবস্থান নিয়েছে মিয়ানমার থেকে পালিয়ে আসা হিন্দু সম্প্রদায়ের কিছু সদস্য। গত রোববার দুপুরে তোলা ছবি l প্রথম আলো

চাকঢালা ও আশারতলির সীমান্তে ছয়টি পয়েন্টে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বড় শনখোলা, ফুলতলি ও সাপমারাঝিরি—এই তিনটি এলাকায় সরিয়ে আনা হয়েছে। সেখানে রোহিঙ্গা আসা কমে গেছে বলে সীমান্তের লোকজন জানিয়েছেন। তবে ঘুনধুম ইউনিয়নের রেজু আমতলি, গর্জনবনিয়া ও ভালুক্যাপাড়া পয়েন্টে দলে দলে রোহিঙ্গা আসা অব্যাহত রয়েছে বলে সেখানকার জনপ্রতিনিধিরা জানিয়েছেন।

বিজিবি কক্সবাজারের ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মঞ্জুরুল হাসান খান সীমান্তের ওপারে শনিবার রোহিঙ্গা দম্পতির মৃত্যু ও গতকাল বিস্ফোরণে এক নারী আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।