তুমা চিং মারমার হত্যাকারীদের বিচারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির কাউখালী বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী তুমা চিং মারমার ধর্ষণ ও হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে গতকাল সোমবার কাউখালী উপজেলা সদরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। বাংলাদেশ মারমা স্টুডেন্ট কউন্সিলের উদ্যোগে মানববন্ধন কর্মসূচিতে নিহত তুমা চিং মারমার সহপাঠী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও নারী অধিকার কর্মীরা অংশ নেন। উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি শেষ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। শিক্ষার্থী ও নারী অধিকার কর্মীরা অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হলে সড়ক অবরোধসহ কঠিন কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছেন। কাউখালী থানার ওসি শ্যামল কান্তি বড়ুয়া নারী অধিকার কর্মী ও শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে নিজ কার্যালয়কক্ষে আলাপকালে বলেন, সুরতহাল প্রতিবেদনে তুম চিং মারমাকে ধর্ষণের পর হত্যার প্রমাণ পাওয়া গেছে। তিনি বলেন, মামলায় কারও নাম উল্লেখ করা হয়নি। তবে ধর্ষণ ও হত্যার সঙ্গে জড়িত তিনজন বাঙালিকে চিহ্নিত করা হয়েছে।