পার্বত্য তিন জেলাসহ সারা দেশে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে এবং তুমাচিং মারমার হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল সোমবার রাঙামাটি শহরে মানববন্ধন কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাঙামাটি শহরের শৈল বিপণিবিতানের সামনে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়।বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিল ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ কমিটির উদ্যোগে মানববন্ধন কর্মসূচিতে ৪০টির বেশি রাজনৈতিক, মানবাধিকার, নারী, সামাজিক ও বেসরকারি সংগঠনের নেতা-কর্মীরা যোগ দেন। সমাবেশ থেকে ২৭ জানুয়ারি কাউখালী উপজেলাসহ তিন পার্বত্য জেলায় হরতাল কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।সমাবেশে কাউখালী বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর আদিবাসী ছাত্রী তুমাচিং মারমার চারজন ধর্ষক ও হত্যাকারীর নাম প্রকাশ করে ২৬ জানুয়ারির মধ্যে গ্রেপ্তারের সময়সীমা বেঁধে দেওয়া হয়। গ্রেপ্তারে ব্যর্থ হলে ২৭ জানুয়ারি তিন পার্বত্য জেলায় অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক টুকু তালুকদারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের সদস্য নিরূপা দেওয়ান, পার্বত্য চট্টগ্রামবিষয়ক আন্তর্জাতিক কমিশনের সদস্য সচিব হানা শাম্স আহমেদ, বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিলের সভাপতি উনুচিং মারমা, জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মাহাবুবুর রহমান, জেলা বিএনপির সভাপতি দীপেন দেওয়ান, জনসংহতি সমিতির তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের রাঙামাটি জেলা সংগঠক বোধিসত্ব চাকমা, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সাধারণ সম্পাদক সুপ্রভা চাকমা, মহিলা পরিষদের রাঙামাটি জেলা সভাপতি কণিকা বড়ুয়া, জেলা আইনজীবী সমিতির সভাপতি মোখতার আহমেদ, ইউএনডিপির পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন সহায়তা প্রকল্পের জেন্ডার অ্যান্ড লোকাল কনফিডেন্স বিল্ডিং প্রধান ঝুমা দেওয়ান, সাংবাদিক এ কে এম মকছুদ আহমেদ, পার্বত্য চট্টগ্রাম বন ও ভূমি অধিকার রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক সুদত্ত বিকাশ তঞ্চঙ্গ্যা, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের পপি চাকমা, বৌদ্ধধর্মীয় গুরু শ্রীমৎ শুভজ্যোতি ভিক্ষু, মাওলানা আবুল কাশেম প্রমুখ।