একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে ছয়জনের ফাঁসি ও আমৃত্যু কারাদণ্ড কার্যকর হয়েছে। তাঁদের মধ্যে সম্প্রতি বদর বাহিনী-প্রধান মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের পর থেকেই একাধিকবার প্রতিক্রিয়া জানিয়েছে তুরস্ক। বাংলাদেশের বন্ধুপ্রতিম দেশটি কেন বারবার এ ধরনের প্রতিক্রিয়া দেখাচ্ছে, সেটি বুঝতে সরকার আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আল্লামা সিদ্দিকীকে আলোচনার জন্য ঢাকায় ডেকে পাঠিয়েছে।
পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রথম আলোকে বলেন, আল্লামা সিদ্দিকীকে তুরস্কের অবস্থানের বিষয়ে আলোচনার জন্য আগামী সপ্তাহে ঢাকায় আসতে বলা হয়েছে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় নিজামীর ফাঁসির প্রতিবাদে প্রতিক্রিয়া জানালেও বাংলাদেশ এর প্রতিবাদ জানায়নি। ১১ মে নিজামীর ফাঁসি কার্যকরের পরদিন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ঢাকায় তুরস্কের রাষ্ট্রদূত দেভরিম ওজতুর্ক আঙ্কারায় যান। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে তিনি দেশে গেলেও কবে কর্মস্থলে ফিরবেন, সেটি নিয়মানুযায়ী বাংলাদেশকে জানিয়ে যাননি।
তুরস্কের ব্যাপারে বাংলাদেশ নমনীয় কি না জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী গত বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘তুরস্কের ব্যাপারে বাংলাদেশ মোটেই নমনীয় নয়। রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো স্বাভাবিক প্রক্রিয়া। এটা মাঝেমধ্যেই হয়। আমরাও তুরস্ক থেকে আমাদের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছি। তারা যে বিবৃতি দিয়েছে, সেটা তারা দিয়েছে। তবে তাদের সঙ্গে আমাদের যে সম্পর্ক তা এখনো চলমান রয়েছে। এটার মধ্যে কোনো চিড় ধরেনি। কোনো অসুবিধা হয়নি।’
উল্লেখ্য, নিজামীর ব্যাপারে প্রতিক্রিয়া জানানোর আগে জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের ব্যাপারেও প্রতিক্রিয়া জানিয়েছিল তুরস্ক। ২০১২ সালের ডিসেম্বরে তুরস্কের তখনকার প্রেসিডেন্ট আবদুল্লাহ গুল জামায়াতের সাবেক আমিরকে ফাঁসি না দিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে অনুরোধ জানান। এর প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ তখন বলেছিল, তুরস্কের এই তৎপরতা ‘বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল’।