তুরস্ককে কড়া জবাব বাংলাদেশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধী জামায়াত নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড কার্যকরের ব্যাপারে প্রতিক্রিয়া জানানোয় তুরস্কের কাছে কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। অসন্তুষ্টি প্রকাশ করে বাংলাদেশ বলেছে, তুরস্কের প্রতিক্রিয়া একটি সার্বভৌম দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল।

গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, একটি কূটনৈতিক পত্রের মাধ্যমে ঢাকায় তুরস্ক দূতাবাসের কাছে বাংলাদেশের ওই প্রতিক্রিয়া জানানো হয়েছে। গতকাল সন্ধ্যায় মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এই প্রতিবেদককে বলেন, ঢাকার এই অবস্থান ইস্তাম্বুলে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে।

তুরস্ক দূতাবাসে পাঠানো কূটনৈতিক পত্রে বলা হয়েছে, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যায় দোষী সাব্যস্ত মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড কার্যকরের পর ৪ সেপ্টেম্বর তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রচারিত বিজ্ঞপ্তির প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ। ওই প্রতিক্রিয়া একটি সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল।

তুরস্কের কাছে পাঠানো প্রতিবাদপত্রে একাত্তরে কুখ্যাত বদর বাহিনীর অন্যতম কমান্ডার হিসেবে মীর কাসেম আলীর অপরাধের বর্ণনা দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রামে হত্যা, গণহত্যা, নির্যাতনের পরিকল্পনা ও বাস্তবায়নে তাঁর সম্পৃক্ততা ছিল। একটি স্বাধীন, অবাধ ও স্বচ্ছ বিচার-প্রক্রিয়ার মাধ্যমে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়াই তাঁর বিরুদ্ধে ওই রায় দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষ মৌখিক ও দালিলিক প্রমাণ দিয়ে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছে।

তুরস্ক মীর কাসেমের ফাঁসি কার্যকরের ঘটনায় ওয়েবসাইটে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ‘আমরা (তুরস্ক) দুঃখের সঙ্গে জানতে পেরেছি, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারি করা মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আমরা আবারও জোর দিয়ে বলছি যে এ পদ্ধতিতে অতীতের ক্ষত সারানো যাবে না এবং আমরা আশা করি, এই ভুল চর্চা বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণের মধ্যে বিভেদ বাড়াবে না।’