তুরস্কে আটকে পড়াদের ফেরানোর প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানব পাচারকারীদের খপ্পরে পড়ে ইউরোপ যাওয়ার পথে তুরস্কে আটকে পড়া দুই হাজার বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যে তুরস্কের দূতাবাস থেকে ঢাকায় অন্তত ৫০০ লোকের পরিচয়পত্র যাচাই শেষে তাঁদের ভ্রমণ পাস দেওয়া শুরু হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা গতকাল বুধবার সন্ধ্যায় প্রথম আলোকে এ তথ্য জানান।

তুরস্ক থেকে বাংলাদেশের আটকে পড়া লোকজনকে ফেরানোর ক্ষেত্রে দীর্ঘসূত্রতার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ওই কর্মকর্তা বলেন, দূতাবাসের তালিকা অনুযায়ী কাজ চলছে। সেই অনুযায়ী ভ্রমণ পাস ইস্যু করার পর কিছু লোকজন ফিরতে শুরু করেছেন। তবে নাগরিকত্ব যাচাইয়ের বিষয়ে যে প্রক্রিয়া রয়েছে, সেটি অনুসরণ করেই তাঁদের ফেরানোর কাজ চলছে।

এদিকে বিবিসি বাংলার এক খবরে বলা হয়েছে, তুরস্কে আটকে পড়া লোকজনকে দেশে ফেরানোর ক্ষেত্রে দীর্ঘসূত্রতার আশঙ্কা দেখা দিয়েছে। সাধারণত বিদেশে গিয়ে অবৈধ হয়ে পড়া বাংলাদেশিদের কয়েক ধাপে জাতীয়তা নিশ্চিত হওয়ার পর তাঁদের দেশে ফেরত আনা হয়। তুরস্কে আটকে পড়া লোকজনের বিষয়ে ঢাকায় কয়েক দফা চিঠি দিয়ে জানানোর পরও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি।

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এম আল্লামা সিদ্দিকী বিবিসি বাংলাকে বলেন, ‘আমরা যতটুকু জানতে পেরেছি, এখানে বিভিন্ন সময়ে আসা বাংলাদেশি নাগরিক ৪০০ বা একটু বেশি, তাঁরা অবৈধভাবে অনুপ্রবেশের জন্য বিভিন্ন জায়গায় আটক অবস্থায় আছেন। তাঁদের দেশে ফেরত পাঠানোর জন্য আমরা সর্বান্তঃকরণে চেষ্টা করছি। এ দেশে মোট দুই হাজার বাংলাদেশি এসেছেন বলে আমাদের অনুমান। তবে এটা কতটুকু সত্যি, বলতে পারছি না। শুধু আমরা অনুমান করছি।’

আল্লামা সিদ্দিকী বলেছেন, ‘এটা আমরা সবাইকে সতর্ক হওয়ার জন্য বলছি যে তুরস্ক হয়ে ইউরোপে যাওয়া সম্ভব নয়। এটা অসম্ভব একটি প্রয়াস, যা বিপজ্জনক। এ রকম চেষ্টা না করার জন্য আমরা সবাইকে অনুরোধ করছি।’

প্রায় পাঁচ বছর আগে ইউরোপে যাওয়ার আশায় দুবাইয়ের বৈধ চাকরি ছেড়ে কোনো কাগজপত্র ছাড়া তুরস্কে আসেন রাইসুল ইসলাম। এরপর সেখানেই আটকে পড়েন। তুরস্কের একটি ছোট শহরে এখন শ্রমিক হিসেবে কর্মরত রয়েছেন। রাইসুল বিবিসি বাংলাকে বলেন, ‘বাড়িতে মা অসুস্থ, আমার স্ত্রীর সঙ্গে দেখা হয়েছে আট বছর আগে। এখন দেশে যেতে চাই। দূতাবাস কাগজপত্র দিচ্ছে না। তারা বলছে, যাচাই করার জন্য আমার তথ্য সব দেশে পাঠানো হয়েছে। এনএসআইয়ের প্রতিবেদন এসেছে, কিন্তু এসবির প্রতিবেদন আসেনি। ছয় মাস হয়ে গেল, তাদের রিপোর্টের জন্য আমার দেশে যাওয়ার কাগজপত্র হচ্ছে না।’

রাইসুল বলেন, তাঁর শহরেই এ রকম ভোগান্তির শিকার হয়েছেন আরও ১৭ জন বাংলাদেশি। তাঁরাও কাগজের আশায় আশায় মাসের পর মাস ঘুরছেন।

দূতাবাসের কর্মকর্তারা বলছেন, তুরস্কে এসে আটকে পড়া অনেকে এখনো ইউরোপে যাওয়ার জন্য মরিয়া। তাঁদের অনেকে ইরান, লেবানন কিংবা জর্ডানের মতো দেশের বৈধ চাকরি ছেড়ে এসেছেন।

যথাযথ কাগজপত্র না থাকায় দূতাবাস আটকে পড়া অনেককে ট্রাভেল পারমিটও (ভ্রমণ অনুমোদন) দিতে পারছে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিবাসনবিষয়ক অতিরিক্ত সচিব রাখাল চন্দ্র বর্মণ বিবিসি বাংলাকে বলেন, বিদেশে আটকে পড়া ব্যক্তি বাংলাদেশের নাগরিক কি না, তা যাচাই করা হয়। এই নিয়ম আগে থেকেই চলে আসছে।