তুরস্কে দুই হাজার বাংলাদেশি আটকা পড়েছেন: রাষ্ট্রদূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশপাশের কয়েকটি দেশ থেকে তুরস্কে গিয়ে প্রায় দুই হাজার বাংলাদেশি আটকা পড়েছেন। তাঁরা অবৈধ পথে ইউরোপে ঢোকার চেষ্টায় তুরস্কে গিয়েছেন।
আঙ্কারায় বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে গতকাল মঙ্গলবার সরকারের এক তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, সম্প্রতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, বিশেষ করে ইরান, লেবানন ও জর্ডানে বৈধভাবে কর্মরত বাংলাদেশিদের অবৈধভাবে ইউরোপে ঢোকার আশায় তুরস্কে যাওয়ার প্রবণতা বেড়েছে। অবৈধভাবে ইউরোপে যাওয়া খুবই ঝুঁকিপূর্ণ। ফলে তুরস্কের আটকে পড়া বাংলাদেশিদের প্রত্যাবাসনে ধীরগতি ও মানবিক সংকটের আশঙ্কা করছেন তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আল্লামা সিদ্দিকী। তিনি জানান, দূতাবাস ও ইস্তাম্বুলে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের হিসাব অনুযায়ী, আটকে পড়া বাংলাদেশির সংখ্যা প্রায় দুই হাজার।
দূতাবাস জানায়, যাঁরা অবৈধভাবে তুরস্কে অবস্থান করছেন অথবা যাঁরা তুরস্কের ডিটেনশন সেন্টার (আটক কেন্দ্র) থেকে ছাড়া পাচ্ছেন, তাঁদের অনেকে আবার ইউরোপে যাওয়ার জন্য সমুদ্র পাড়ি দেওয়ার চেষ্টায় মৃত্যুমুখে পড়ছেন। এঁদের অনেকেই তুরস্কে সক্রিয় মানব পাচারকারী দলের প্রলোভনে পড়ে সর্বস্ব হারিয়েছেন।