তুরস্কের এন্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের আহ্বান চট্টগ্রাম চেম্বারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সফররত তুরস্কের বাণিজ্য প্রতিনিধিদল বাংলাদেশে সৌরবিদ্যুৎ, টেক্সটাইল ও ভারী শিল্প খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। গতকাল রোববার চট্টগ্রাম চেম্বারের ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তারা এ আগ্রহ প্রকাশ করে।চট্টগ্রাম চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। তুরস্কের বাণিজ্য প্রতিনিধিদলের নেতৃত্ব দেন তুরস্ক-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ফিকরেট চিচেক। মতবিনিময় সভায় দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধিরা বক্তৃতা করেন।মতবিনিময় সভায় চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুবুল আলম সফররত প্রতিনিধিদলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ করতে হলে তৈরি পোশাক ও টেক্সটাইল সামগ্রীর ওপর ‘এন্টি-ডাম্পিং’ শুল্ক প্রত্যাহার করা উচিত। এ ব্যাপারে তুরস্কের ব্যবসায়ীদের ভূমিকা পালন করতে হবে। দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য চিত্র তুলে ধরে মাহবুবুল আলম বলেন, এ দেশ থেকে আরও বেশি পরিমাণে তৈরি পোশাক, চামড়া, পাট, সিরামিকসামগ্রী আমদানি করার জন্য তুরস্কের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।