তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রিজের মন্ত্রীর সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রিজের মন্ত্রী ইসমাইল দেমির সঙ্গে সাক্ষাৎ করেন
ছবি: আইএসপিআর

তুরস্কে সফররত বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ দেশটির ডিফেন্স ইন্ডাস্ট্রিজের মন্ত্রী ইসমাইল দেমির এবং জাতীয় প্রতিরক্ষা উপমন্ত্রী মুহসিন দেরের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

গতকাল শুক্রবার এই সাক্ষাতে জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, তুরস্ক এবং বাংলাদেশ তথা দুই দেশের সেনাবাহিনীর মধ্যে দীর্ঘ কৌশলগত বন্ধুত্ব এবং সাংস্কৃতিক বন্ধন রয়েছে। এই সফরের পর সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলেও প্রত্যাশা তাঁর।

এ ছাড়া সফরের মাধ্যমে দুই দেশের সামরিক বাহিনী এবং বিশেষ করে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হবে বলেও মন্তব্য করেন সেনাপ্রধান। বাংলাদেশ সেনাবাহিনীকে প্রতিরক্ষা মেলায় আমন্ত্রণ জানানোর জন্য তুর্কি ডিফেন্স ইন্ডাস্ট্রিজের মন্ত্রী এবং জাতীয় প্রতিরক্ষা উপমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।
বাংলাদেশকে সামরিক সরঞ্জামাদি সরবরাহ, সেনাসদস্যদের প্রশিক্ষণ, প্রযুক্তি বিনিময়ের ক্ষেত্রেও বাংলাদেশকে সহযোগিতার প্রতিশ্রুতি দেন প্রতিরক্ষা উপমন্ত্রী মুহসিন দেরে।

আন্তর্জাতিক প্রতিরক্ষা মেলা ঘুরে দেখেন সেনাপ্রধান
ছবি: আইএসপিআর

ইসমাইল দেমির আশ্বাস দেন যে ভবিষ্যতে উভয় দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও বন্ধুত্বপূর্ণ এবং কল্যাণকর করতে সর্বাত্মক চেষ্টা করবে তুরস্ক।
আন্তর্জাতিক প্রতিরক্ষা মেলা ২০২১ উপলক্ষে তুরস্কে সফর করছে সেনাপ্রধানসহ একটি প্রতিনিধি দল। মেলার দ্বিতীয় দিন শুক্রবার সেনাবাহিনী প্রধান প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং নানা সরঞ্জামাদির বিষয়ে অবহিত হন।

এ ছাড়া প্রতিরক্ষা বিশেষজ্ঞদের সঙ্গে তিনি আলোচনা ও মতবিনিময় করেন। মেলার শেষ দিকে জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ তুরস্কের সেনাপ্রধান এবং চিফ অব জেনারেল স্টাফের সঙ্গে সাক্ষাৎ করবেন।