তুরস্কের প্রধানমন্ত্রী এরদোগান ঢাকা আসছেন আজ
তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়িপ এরদোগান ও তাঁর স্ত্রী মাদাম এমিন এরদোগান দুই দিনের সরকারি সফরে আজ শনিবার ঢাকায় আসছেন। গত ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট আবদুল্লাহ্ গুলের ঢাকা সফরের পর এটাই তুরস্কের কোনো শীর্ষস্থানীয় নেতার ঢাকা সফর।পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, আজ বিকেল চারটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তুরস্কের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ঢাকা সফরকালে প্রধানমন্ত্রী এরদোগান শেখ হাসিনার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করবেন। রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সঙ্গে সাক্ষাৎ ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে তাঁর বৈঠক করার কথা রয়েছে। তুর্কি প্রধানমন্ত্রী সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আয়োজিত এক রাষ্ট্রীয় ভোজসভায় তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে। এ ছাড়া ব্যবসায়ীদের শীর্ষস্থানীয় সংগঠন এফবিসিসিআই তুরস্কের প্রধানমন্ত্রীর সম্মানে একটি মধ্যাহ্নভোজের আয়োজন করবে। তুর্কি প্রধানমন্ত্রী ও তাঁর স্ত্রীর রাজধানীর তার্কিশ হোপ ইন্টারন্যাশনাল স্কুল পরিদর্শনেরও কথা রয়েছে।সরকারি সূত্রে জানা গেছে, বিমান যোগাযোগ ও বাণিজ্য বাড়ানোসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে তুর্কি প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের নেতাদের আলোচনা হবে।