তুরস্কের প্রেসিডেন্ট আজ ঢাকায় আসছেন
তুরস্কের প্রেসিডেন্ট আবদুল্লাহ গুল আজ শুক্রবার দুপুরে দুই দিনের সফরে ঢাকায় আসছেন। তাঁকে বহনকারী বিশেষ বিমানটি দুপুর দুইটায় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে। বিমানবন্দরে রাষ্ট্রপতি জিল্লুর রহমান তাঁকে স্বাগত জানাবেন। সফরকালে তুরস্কের প্রেসিডেন্ট বাংলাদেশের নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয়, আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা, বিশেষ করে ইসলামি সম্মেলন সংস্থা (ওআইসি) ও জাতিসংঘের বিষয়ে আলোচনা করবেন। দুই দেশের আনুষ্ঠানিক বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের প্রসঙ্গটি প্রাধান্য পাবে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে জানান, বাংলাদেশ সফরের সময় রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সঙ্গে আজ সন্ধ্যায় তুরস্কের প্রেসিডেন্ট আনুষ্ঠানিক আলোচনায় বসবেন। তাঁরা দুজন এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন। এ ছাড়া তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গেও সাক্ষাত্ করবেন।