তুরস্কের প্রেসিডেন্ট আবদুল্লাহ গুল ঢাকা আসছেন শুক্রবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কসহ দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে তুরস্কের প্রেসিডেন্ট আবদুল্লাহ গুল দুই দিনের সফরে আগামী শুক্রবার ঢাকায় আসছেন। তিনি এখন ভারত সফরে রয়েছেন। দিল্লি থেকে সরাসরি ঢাকায় আসবেন তিনি। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর এটাই বাংলাদেশে কোনো রাষ্ট্রপ্রধানের প্রথম সফর।পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা প্রথম আলোকে জানান, বাংলাদেশ সফরের সময় আবদুল্লাহ গুল ১২ ফেব্রুয়ারি বিকেলে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সঙ্গে বঙ্গভবনে আলোচনা করবেন। এ ছাড়া তাঁর সঙ্গে হোটেল স্যুটে দেখা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া, অর্থমন্ত্রী এ এম এ মুহিত ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। প্রথমবারের মতো ঢাকা সফরের সময় তিনি বাংলাদেশ-তুরস্ক ব্যবসায়ী ফোরামের বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করবেন। বাংলাদেশ সফরের সময় আবদুল্লাহ গুলের সফরসঙ্গী হিসেবে ঢাকায় আসবে সে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদল।