তুরস্কের প্রেসিডেন্টের অনুরোধ দুঃখজনক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ড না দিতে তুরস্কের প্রেসিডেন্ট আবদুল্লাহ গুলের অনুরোধকে দুঃখজনক হিসেবে দেখছে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১। ফোরামের পক্ষে গতকাল রোববার ফোরামের ভারপ্রাপ্ত মহাসচিব সাংবাদিক হারুন হাবীব এক বিবৃতিতে এই মন্তব্য করেন। বিবৃতিতে বলা হয়, মানবতাবিরোধী অপরাধীদের বিচারের রায় এখনো ঘোষণা হয়নি। এর আগেই এ ধরনের অগ্রিম অনুরোধ কেবল বিস্ময়কর নয়, বরং দুঃখজনক। এ ধরনের অনুরোধ একটি স্বাধীন দেশের নিজস্ব আইন, সার্বভৌম বিচারব্যবস্থা ও তার ইতিহাস, ঐতিহ্য ও মহান মুক্তিযুদ্ধে নির্বিচারে গণহত্যা ও নারী নির্যাতন সম্পর্কে দুঃখজনক অজ্ঞানতারই শামিল।সেক্টর কমান্ডারস ফোরাম মনে করে, যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধীদের বিচার সম্পন্ন করা বাংলাদেশ রাষ্ট্রের নৈতিক দায়বদ্ধতা। সুষ্ঠুভাবে এ বিচার সম্পন্নের মধ্য দিয়ে বাংলাদেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ সুগম হবে। মানবতা সমুন্নত হবে, মুক্তিযুদ্ধের লাখো শহীদ ও নারীর আত্মত্যাগের প্রতি সম্মান জানানো হবে।তুরস্কের প্রেসিডেন্ট ও ভ্রাতৃপ্রতীম জনগণকে কোনো অপপ্রচারে কান না দিয়ে মানবতা ও ন্যায়বিচার সমুন্নতকারী ঐতিহাসিক এই বিচার-প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছে ফোরাম। বিজ্ঞপ্তি।