মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের ঘটনায় তুরস্ক ঢাকায় নিযুক্ত তাদের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে।
তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির গতকালের এক খবরে বলা হয়েছে, ঢাকায় তুরস্কের রাষ্ট্রদূত দেউরিম ওজতুর্ককে নিজামীর ফাঁসির বিষয়ে আলোচনার জন্য আঙ্কারায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়েছে। তবে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বলা হয়েছে, নিজামীর ফাঁসি কার্যকর করার পর গতকাল ঢাকা থেকে তুরস্কের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করা হয়েছে।
জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, তুরস্কের রাষ্ট্রদূতকে প্রত্যাহারের তথ্যটি সঠিক নয়। তুরস্কের রাষ্ট্রদূত দেউরিম ওজতুর্ক কয়েক দিন আগে পররাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া চিঠিতে জানান, ১২ মে তিনি ঢাকার বাইরে যাচ্ছেন। তাঁর অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে কে দায়িত্ব পালন করবেন, সেটিও তিনি উল্লেখ করেছেন। তা ছাড়া কোনো দেশ তার রাষ্ট্রদূতকে প্রত্যাহার করলে আনুষ্ঠানিকভাবে জানানোর কথা। তুরস্ক তেমন কিছু বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে জানায়নি।