তুরস্কের রাষ্ট্রদূতকে তলব করে অসন্তোষ প্রকাশ
বিশেষ ভিসার ‘অপব্যবহার’ করে এসে তুরস্কের এনজিও প্রতিনিধিদল মানবতাবিরোধী অপরাধের আসামিদের পক্ষে দূতিয়ালি করায় সরকার উদ্বিগ্ন। গতকাল বুধবার তুরস্কের রাষ্ট্রদূত মেহমুত ভারকুল ইরকুলকে তলব করে সরকারের অসন্তোষের কথা জানিয়ে দেওয়া হয়েছে।পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব মুস্তাফা কামাল তুর্কি রাষ্ট্রদূতের কাছে বাংলাদেশ সরকারের এ অবস্থান তুলে ধরেন। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলার সময় ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব উল্লেখ করেন, তুর্কি এনজিও ক্যানসুয়ু এইড অ্যান্ড সলিডারিটি অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদলটি ঢাকা আসার দিন মাত্র (২০ ডিসেম্বর) বিষয়টি জানানো হয়। আগে জানানো হলে সরকার এ নিয়ে অবহিত থাকতে পারত। এ সময় তুরস্কের রাষ্ট্রদূত বলেন, তিনি ওই দিনই আঙ্কারা থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে জানানোর নির্দেশনা পান। সূত্র জানায়, তুরস্কের রাষ্ট্রদূত বোঝাতে চেয়েছেন যে তাঁর দেশের প্রতিনিধিদলটি কোনো রকমের দূতিয়ালি করতে আসেনি, বরং বিষয়টি সম্পর্কে আরও ভালোভাবে জানতে বাংলাদেশ সফর করেছে।তবে বাংলাদেশের পক্ষ থেকে সুস্পষ্টভাবেই জানানো হয়েছে, প্রতিনিধিদলটি যেভাবে বাংলাদেশে এসেছে এবং এ সফরের সময় যেসব কর্মকাণ্ড করেছে, তাতে সরকার উদ্বিগ্ন। ‘অন অ্যারাইভাল ভিসা’র অপব্যবহার করে তারা সঠিক কাজ করেনি। এ প্রেক্ষাপটে বাংলাদেশ আশা করে, ভবিষ্যতে এ ধরনের কিছু ঘটবে না। বাংলাদেশের এ অবস্থান তাঁর সরকারকে জানাতে তুর্কি রাষ্ট্রদূতকে বলা হয়েছে। বাংলাদেশ সরকারের অবস্থান উল্লেখ করে গতকাল মেহমুত ভারকুল ইরকুলকে একটি কূটনৈতিক পত্র (এইড মেমোয়ার) দেওয়া হয়েছে।