তুরস্কের রাষ্ট্রপতি ঢাকা সফরে আসছেন ১২ ফেব্রুয়ারি
তুরস্কের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ছে। এর ধারাবাহিকতায় দেশটির সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ করতে চায় বাংলাদেশ। তুরস্কের রাষ্ট্রপতি আবদুল্লাহ গুলের আসন্ন ঢাকা সফরের সময় দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক জোরদারের বিষয়টি প্রাধান্য পাবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা গতকাল বুধবার প্রথম আলোকে জানান, দুই দিনের সফরে আগামী ১২ ফেব্রুয়ারি ঢাকায় আসছেন তুরস্কের রাষ্ট্রপতি আবদুল্লাহ গুল। তাঁর বাংলাদেশ সফরের সময় দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় ছাড়াও বহুপক্ষীয় সম্পর্ক বিশেষত ওআইসি ও জাতিসংঘের মতো আন্তর্জাতিক ফোরামে সহযোগিতার বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। বাংলাদেশ সফরের সময় তাঁর সফরসঙ্গী হিসেবে ঢাকায় আসছে সে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদল। আগামী ১৩ ফেব্রুয়ারি সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ও তুরস্কের ব্যবসায়ীদের একটি যৌথ সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় উপস্থিত থাকবেন আবদুল্লাহ গুল। সূত্র জানায়, এক দশকেরও বেশি সময় পর দুই দেশের মধ্যে এই প্রথম সর্বোচ্চ পর্যায়ের সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের রজতজয়ন্তী উদ্যাপন অনুষ্ঠানে যোগ দিতে ১৯৯৬ সালে ঢাকা সফরে এসেছিলেন তুরস্কের সাবেক রাষ্ট্রপতি সুলেমান ডেমিরেল। সূত্র জানায়, আগামী ১২ ফেব্রুয়ারি ঢাকায় পৌঁছার পর জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের শহীদদের শ্রদ্ধা জানাবেন তুরস্কের বর্তমান রাষ্ট্রপতি। সফরের প্রথম দিন বিকেলে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সঙ্গে বঙ্গভবনে আলোচনা করবেন। বাংলাদেশ সফরের সময় তাঁর সঙ্গে হোটেল স্যুটে সৌজন্য সাক্ষাত্ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী ফারুক খান ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি তুরস্কের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করবেন বলে কথা রয়েছে। তুরস্কের সঙ্গে বাংলাদেশের রপ্তানির পরিমাণ সাম্প্রতিক সময়ে বাড়ছে। বাংলাদেশ তৈরি পোশাক, পাটজাত পণ্য, চামড়া ও হিমায়িত খাদ্য তুরস্কে রপ্তানি করে থাকে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিসংখ্যান অনুযায়ী, ২০০৮-২০০৯ অর্থবছরে তুরস্কে বাংলাদেশের রপ্তানির পরিমাণ ছিল ৩৩ কোটি ডলার। আগের অর্থবছরে এ পরিমাণ ছিল ২৩ কোটি ডলার।