তুরাগ, শীতলক্ষ্যা দখলকারী বালু ব্যবসায়ীদের অপসারণের নির্দেশ
নারায়ণগঞ্জের কাঁচপুর সেতু এলাকায় শীতলক্ষ্যা নদীর তীর এবং ঢাকার মিরপুরের শিন্নিরটেক এলাকায় তুরাগ নদের তীর দখলকারী বালু ব্যবসায়ীদের তিন দিনের মধ্যে অপসারণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এই আদেশ দেন।একই সঙ্গে সেখানে নদীর তীরে রাখা বালু ১৫ দিনের মধ্যে অপসারণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া নির্দেশনা বাস্তবায়ন করে চার সপ্তাহের মধ্যে প্রতিবেদনও দাখিল করতে বলা হয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান, পরিচালক (পরিকল্পনা), পরিচালক (বন্দর ও ট্রাফিক), প্রধান প্রকৌশলী, নারায়ণগঞ্জে কর্মরত উপপরিচালক, নারায়ণগঞ্জের পুলিশ সুপার, ঢাকার মিরপুর অঞ্চলের পুলিশের উপকমিশনার, মিরপুর ও নারায়ণগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে। গত ৩১ আগস্ট প্রথম আলোতে ‘কাঁচপুর সেতু এলাকায় নতুন করে ১৭ বিঘা জায়গা দখল’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। এটা যুক্ত করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে তিনজন আইনজীবী গত সোমবার রিট আবেদনটি করেন। রিটের ওপর শুনানি নিয়ে আদালত রুল জারির পাশাপাশি এ নির্দেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান ও সহকারী অ্যাটর্নি জেনারেল নুসরাত জাহান। রুলে শীতলক্ষ্যা নদী দখল করে কাঁচপুর এলাকায় ও তুরাগ নদ দখল করে মিরপুরের শিন্নিরটেক এলাকায় সব ধরনের বালু ব্যবসা বন্ধে কেন নির্দেশ দেওয়া হবে না—তা জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে ভূমি দখলকারীদের হাত থেকে শীতলক্ষ্যা ও তুরাগের তীর রক্ষা এবং ওই সব এলাকায় বালু ব্যবসা থেকে বিরত রাখার কেন নির্দেশ দেওয়া হবে না, তা-ও জানতে চাওয়া হয়। নৌপরিবহন সচিব, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি), ঢাকা ও নারায়ণগঞ্জের জেলা প্রশাসকসহ ১৪ বিবাদীকে ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।