তুরাগ, শীতলক্ষ্যা দূষণ দুটি কারখানাকে ৪৬ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতলক্ষ্যা নদী ও তুরাগ নদ দূষণের দায়ে গতকাল বুধবার দুটি শিল্পকারখানাকে মোট ৪৬ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গাজীপুরে অবস্থিত ভার্গো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বর্জ্য পরিশোধনযন্ত্র (ইটিপি) ত্রুটিপূর্ণ থাকায় এবং ছয়দানায় অবস্থিত স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে কোনো ইটিপি না থাকায় এ জরিমানা করা হয়।পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী ওই দুটি কারখানার ব্যবস্থাপনা পরিচালকের কাছ থেকে গতকাল জরিমানার পুরো অর্থ আদায় করেন। এ ছাড়া ইটিপি স্থাপন ও ত্রুটিপূর্ণ ইটিপি মেরামতসহ পরিবেশসম্মত ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য কারখানা দুটির মালিকদের নির্দেশ দেন। পরিবেশ অধিদপ্তরের সূত্রে জানা গেছে, অপরাধের মাত্রা বিবেচনায় ভার্গো ফার্মাকে সাত লাখ ২০ হাজার টাকা এবং স্ট্যান্ডার্ড সিরামিককে ৩৯ লাখ টাকা জরিমানা করা হয়। এ প্রসঙ্গে পরিচালক (এনফোর্সমেন্ট) মুনীর চৌধুরী জানান, ‘সব কারখানায় ইটিপি আবশ্যিকভাবে স্থাপন ও ত্রুটিমুক্তভাবে ইটিপি পরিচালনার জন্য পরিবেশ অধিদপ্তর নিয়মিত অভিযান চালাচ্ছে। পাশাপাশি পরিবেশ অপরাধ বন্ধে কারখানার মালিক-উদ্যোক্তা-কর্মকর্তাদের প্রতিনিয়ত কারিগরি পরামর্শ প্রদান ও পরিবেশ-নৈতিকতা সৃষ্টির প্রচারণা চালানো হচ্ছে।’