তুরাগ নদ দখল বন্ধে পদক্ষেপ নিতে হাইকোর্টের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর এলাকার তুরাগ নদে সব ধরনের মাটি ভরাট, দখল ও নির্মাণকাজ বন্ধে ৪৮ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে আজ বুধবার এ আদেশ দেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, গাজীপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং টঙ্গী ও তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) প্রতি ওই নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে ২৭ নভেম্বরের মধ্যে তাঁদের আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। একই সঙ্গে গাজীপুরের তুরাগ নদ এলাকা দখল ও স্থাপনা নির্মাণে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা তিন সপ্তাহের মধ্যে আদালতে দাখিল করতে গাজীপুরের জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।

ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারে গত ৬ নভেম্বর ‘টাইম টু ডিক্লেয়ার তুরাগ ডেড’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন ছাপা হয়। এটি যুক্ত করে তুরাগ রক্ষায় সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে ৭ নভেম্বর হাইকোর্টে রিট আবেদন করে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। শুনানি নিয়ে আদালত রুলও দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

আইনজীবী মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, রুলে তুরাগ নদ রক্ষায় স্থানীয় প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না, ওখানে দখল ও ভরাট বন্ধে কেন নির্দেশ দেওয়া হবে না এবং নদ দখল ও মাটি ভরাটে যুক্তদের নিজ খরচায় তা অপসারণের কেন নির্দেশ দেওয়া হবে না—তা জানতে চাওয়া হয়েছে।

নৌপরিবহন সচিব, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, গাজীপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং টঙ্গী ও তুরাগ থানার ওসিকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।