তুরাগ নদে নৌকা ভ্রমণে গিয়ে ছাত্র নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় তুরাগ নদে নৌকাভ্রমণে গিয়ে এক স্কুলছাত্র পানিতে ডুবে নিখোঁজ হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

নিখোঁজ ছাত্র হলো উপজেলার কারলসুরিচালা এলাকার দারোগা আলীর ছেলে ইমন হোসেন (১৪)। সে স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

ওই ছাত্রের পরিবার সূত্রে জানা গেছে, কারলসুরিচালা এলাকার কিছুসংখ্যক শিক্ষার্থী গতকাল সকালে তুরাগ নদে নৌকাভ্রমণে বের হয়। ইঞ্জিনচালিত নৌকা নিয়ে তারা গাজীপুরের ভাওয়াল মির্জাপুরের দিকে যাচ্ছিল। পথে গলাচিপা এলাকায় পৌঁছালে ইমন হঠাৎ নৌকা থেকে পড়ে যায়। এরপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে খবর পেয়ে ঢাকা থেকে ফায়ার সার্ভিসের একদল ডুবুরি ঘটনাস্থলে এসে প্রায় এক-দেড় ঘণ্টা খোঁজাখুঁজি করে। গতকাল সন্ধ্যা সোয়া সাতটা পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস কালিয়াকৈরের স্টেশন কর্মকর্তা অপূর্ব বল বলেন, ধারণা করা হচ্ছে, নদে স্রোত বেশি থাকায় ইমন ডুবে অন্যদিকে চলে গেছে।