তুরাগ নদের তীরে উচ্ছেদ অভিযান
তুরাগ নদের ১৫ কিলোমিটার তীরভূমি দখলমুক্ত করতে দুই দিনের উচ্ছেদ অভিযান শুরু করেছে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল পর্যন্ত প্রায় ছয় ঘণ্টা ধরে উচ্ছেদ অভিযান চলে।ঢাকা শহরের চারদিকের নদীগুলো দখল-দূষণমুক্ত করার লক্ষ্যে জাতীয় টাস্কফোর্সের সিদ্ধান্ত এবং হাইকোর্টের নির্দেশনার অংশ হিসেবে পরিচালিত হয় এই অভিযান। বিআইডব্লিউটিএর পরিচালক (বন্দর) মো. শফিকুল হক এবং ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদ এতে নেতৃত্ব দেন। সিন্নিরটেক থেকে আশুলিয়া পর্যন্ত নদীতীরে অভিযান চলবে। অভিযানে বিআইডব্লিউটিএর টাগ জাহাজ ‘অগ্রপথিক’ এবং ওয়ার্ক বোট ‘আরগুজ’ ব্যবহার করা হয়। সিন্নিরটেক থেকে দুটি আনলোডিং ড্রেজার, ড্রেজারের ১০০ ফুট আনলোড পাইপ জব্দ করে শাহআলী থানার হেফাজতে দেওয়া হয়। এ ছাড়া সিন্নিরটেক থেকে দিয়াবাড়ী এলাকা পর্যন্ত ১০টি বালুর গদি জব্দ করে তা নিলামের জন্য শাহআলী ও রূপগঞ্জ থানাকে দায়িত্ব দেওয়া হয়। অভিযানে দিয়াবাড়ী এলাকায় নদীর বুকে স্থাপিত মনপুরা ভাসমান রেস্তোরাঁর মূল অংশসহ টিনের ১৬টি টংঘর এবং নবাববাড়ী এলাকায় নদীতীর থেকে ছয়টি টিনের টংঘর উচ্ছেদ করা হয়।