তুরাগ নদের পাশের বর্জ্য অপসারণে পৌরসভাকে নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর পৌরসভাকে আগামী ১৫ দিনের মধ্যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল সেতুসংলগ্ন তুরাগ নদের পশ্চিম পাশ থেকে আবর্জনা অপসারণের নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার এ নির্দেশ দেওয়া হয়।পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, গাজীপুর সদর উপজেলার বাইমাইল সেতুর পাশে দীর্ঘদিন ধরে বর্জ্য ফেলে আসছে গাজীপুর পৌরসভা। আবর্জনার দুর্গন্ধে এলাকাবাসী দুর্ভোগে পড়েছে। ওই স্থানের পাশে একটি বিদ্যালয় রয়েছে। আবর্জনার দুর্গন্ধে শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটছে। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে গত বুধবার পরিবেশ অধিদপ্তরের একটি দল ওই স্থানে গিয়ে ঘটনার সত্যতা পায়। পরে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহামঞ্চদ মুনীর চৌধুরী গতকাল গাজীপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তাকে তলব করেন। তাঁকে আগামী ১৫ দিনের মধ্যে আবর্জনা অপসারণের নির্দেশ দেওয়া হয়। এ সময়ের মধ্যে বর্জ্য অপসারণ করা না হলে পরিবেশের ক্ষতিসাধনের দায়ে জরিমানা আদায় এবং পরিবেশ আইনে মামলা করা হবে বলে সতর্ক করে দেওয়া হয়।অধিদপ্তর সূত্র জানায়, সরেজমিনে তদন্ত করে দেখা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশে বিস্তীর্ণ এলাকায় গৃহস্থালি বর্জ্য ও পলিথিন ফেলা হচ্ছে। এতে প্রায় দুই একর জায়গায় বিশাল আবর্জনার স্তূপ সৃষ্টি হয়েছে। ময়লা ফেলার স্থান পরিপূর্ণ হয়ে আবর্জনা তুরাগ নদে পড়ছে এবং সেটি মারাত্মক দূষণের শিকার হচ্ছে। ওই স্থানে অপরিকল্পিতভাবে পৌর বর্জ্য ফেলায় আশপাশে দুর্গন্ধ ছড়াচ্ছে ও ব্যাপক পরিবেশদূষণ ঘটছে; যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।পরিবেশ অধিদপ্তরে অনুষ্ঠিত শুনানিতে পৌরসভার প্যানেল মেয়র মো. আকবর হোসেন ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রকিবুল হাসান এ ঘটনার দায়দায়িত্ব স্বীকার করে শিগগিরই আবর্জনা অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।