তুরাগ বাঁচাতে কালিয়াকৈরে মানববন্ধন
তুরাগ নদ বাঁচাতে গতকাল বৃহস্পতিবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ী এলাকায় তুরাগ তীরে মানববন্ধন করা হয়৷ বিশ্ব জীববৈচিত্র্য দিবস উপলক্ষে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন সংগঠনের উদ্যোগে ওই কর্মসূচি পালিত হয়৷
এ সময় সংগঠনের গাজীপুর জেলা শাখার সভাপতি এ কে এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন কেন্দ্রীয় সভাপতি আনোয়ার সাদত, বিপন্ন উদ্ভিদ ও প্রাণী সংরক্ষণ ফাউন্ডেশনের মহাসচিব আখতারুজ্জামান, কেন্দ্রীয় কমিটির জীববৈচিত্র্যবিষয়ক সমন্বয়কারী সারোয়ার আহমেদ, কেন্দ্রীয় যুগ্মসম্পাদক বোরহান উদ্দিন, কালিয়াকৈর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোসলেম উদ্দিন, চাপাইর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এ এইচ এম শওকত ইমরান প্রমুখ৷
বক্তারা বলেন, এলাকার কারখানাগুলো অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে৷ এ কারণে ওই সব কারখানার বর্জ্য তুরাগ নদ ও আশপাশের বিলে যাচ্ছে৷ এতে জলজ প্রাণীর অভয়াশ্রম নষ্ট হচ্ছে৷ বিপন্ন হচ্ছে পরিবেশ৷ এ ছাড়া নদীভাঙন রোধে জীববৈচিত্র্য এবং বিপন্ন উদ্ভিদ ও প্রাণী সংরক্ষণে নদীর তীরে ও ঢালুতে রাষ্ট্রীয়ভাবে বৃক্ষ রোপণ করাটা অতি জরুরি হয়ে পড়েছে৷