তুরাগ ভরাট বন্ধে ৪৮ ঘণ্টার মধ্যে পদক্ষেপ নিতে নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর এলাকার তুরাগ নদে সব ধরনের মাটি ভরাট, দখল ও নির্মাণকাজ বন্ধে ৪৮ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল বুধবার এ আদেশ দেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, গাজীপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং টঙ্গী ও তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) প্রতি এই নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে ২৭ নভেম্বরের মধ্যে তাঁদের আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
একই সঙ্গে গাজীপুরের তুরাগ নদ দখল ও স্থাপনা নির্মাণে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা তিন সপ্তাহের মধ্যে আদালতে দাখিল করতে গাজীপুরের জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।
দ্য ডেইলি স্টার-এ ৬ নভেম্বর ‘টাইম টু ডিক্লেয়ার তুরাগ ডেড’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন ছাপা হয়। এটি যুক্ত করে তুরাগ রক্ষায় সংশ্লিষ্ট ব্যক্তিদের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে ৭ নভেম্বর হাইকোর্টে রিট আবেদন করে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। শুনানি নিয়ে আদালত রুলও দেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।