তুরাগকে দূষণমুক্ত করতে টঙ্গীতে কেন্দ্রীয় ইটিপি স্থাপনের সিদ্ধান্ত
তুরাগ নদের দূষণ রোধে কার্যকর উদ্যোগ নেওয়ার ব্যাপারে একমত হয়েছেন টঙ্গী শিল্প এলাকার শিল্পমালিকেরা। পরিবেশ দূষণ রোধে তাঁরা যৌথ অংশীদারত্বের ভিত্তিতে একটি কেন্দ্রীয় বর্জ্য পরিশোধন যন্ত্র (ইটিপি) স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন। এই ইটিপি স্থাপনে পরিবেশ অধিদপ্তর কারিগরি ও পরামর্শমূলক সহায়তার পাশাপাশি সমন্বয়কের ভূমিকাও পালন করবে।গতকাল সোমবার তুরাগ নদের দূষণ রোধে অনুষ্ঠিত এক বৈঠকে স্থানীয় শিল্পমালিকেরা এ অঙ্গীকার করেন। টঙ্গী থেকে টঙ্গী ব্রিজ পর্যন্ত তুরাগ নদের উভয় পারের শিল্পকারখানার দূষণ রোধে টঙ্গী পৌরসভায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।সভায় আলোচনার মাধ্যমে টঙ্গী এলাকার পরিবেশ দূষণ রোধের উদ্যোগ নিতে দুটি কমিটি করা হয়। টঙ্গী পৌরসভার মেয়র আজমত উল্লাহ খানের নেতৃত্বে একটি নাগরিক কমিটি, অপরটি হলো পরিবেশ অধিদপ্তরের নেতৃত্বে একটি কারিগরি কমিটি।পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মনোয়ার ইসলামের সভাপতিত্বে বৈঠকে বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আবদুস সোবহান। টঙ্গী পৌরসভার মেয়র আজমত উল্লাহ খান, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক দেলোয়ার হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান সভায় বক্তব্য দেন। বৈঠকে স্থানীয় শিল্প উদ্যোক্তা, সুশীল সমাজের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।