তুরাগতীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গীর কামারপাড়া এলাকায় তুরাগ নদের তীরে গতকাল সকালে একটি অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়। উচ্ছেদ অভিযানে গাজীপুর ও ঢাকা জেলা প্রশাসন এবং বিআইডব্লিউটিএর একটি দল অংশ নেয় l ছবি: প্রথম আলো
গাজীপুরের টঙ্গীর কামারপাড়া এলাকায় তুরাগ নদের তীরে গতকাল সকালে একটি অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়। উচ্ছেদ অভিযানে গাজীপুর ও ঢাকা জেলা প্রশাসন এবং বিআইডব্লিউটিএর একটি দল অংশ নেয় l ছবি: প্রথম আলো

গাজীপুরে টঙ্গীর তুরাগ নদের তীরে নদী ভরাট করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া উচ্ছেদ অভিযানে গাজীপুর ও ঢাকা জেলা প্রশাসন এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) একটি দল অংশ নেয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, হাইকোর্টের নির্দেশে টঙ্গীর কামারপাড়া তুরাগ তীর থেকে আমিনবাজার পর্যন্ত এ উচ্ছেদ কার্যক্রম চালানো হয়। এ সময় মাটি কাটার যন্ত্র (এক্সকাভেটর) ও অন্যান্য সরঞ্জাম দিয়ে নদীর তীরে নির্মিত কয়েকটি স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। উচ্ছেদ অভিযানে ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরারজী দেশাই, রেহানুল হক, গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তোফায়েল আহমেদ, বিআইডব্লিউটিএর পরিচালক সাইফুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তা এবং বিপুলসংখ্যক পুলিশ উপস্থিত ছিলেন।
গণমাধ্যমে তুরাগ নদ ভরাট ও দূষণ নিয়ে প্রতিবেদন প্রকাশের পর গত ১২ জুলাই হাইকোর্টের একটি বেঞ্চ তুরাগ নদের অবৈধ স্থাপনা উচ্ছেদের আদেশ দেন। যার পরিপ্রেক্ষিতে এই অভিযান পরিচালিত হচ্ছে। এতে মালামাল জব্দসহ দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গাজীপুরের এনডিসি সাজিদ আনোয়ার বলেন, গত সোমবার থেকে শুরু হওয়া এই অভিযান অব্যাহত থাকবে। অভিযানে গাজীপুর জেলা প্রশাসন সহযোগিতা করছে।