তুরাগতীরে উচ্ছেদ অভিযান অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের তুরাগ নদের তীরে ভরাট করে অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদে গতকাল বুধবার দ্বিতীয় দিনের মতো অভিযান চালানো হয়। ঢাকা জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএর একটি দল এই অভিযানে অংশ নেয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর ও ঢাকার সীমান্ত এলাকায় তুরাগতীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়। এ সময় তুরাগ থানার ধউর ব্রিজের পাশে টঙ্গীর মাছিমপুর মৌজায় তুরাগ নদে বালু ফেলে দখল করা এলাকার বালু অপসারণ করে তা নিলামে বিক্রি করা হয়। এ ছাড়া পাশের লামিছা স্পিনিং মিলের আংশিক ও নাভানা পাইপ কারখানার আংশিক ওই নদের সীমায় থাকায় তাও উচ্ছেদ করে মালামাল নিলামে দেওয়া হয়। তুরাগতীরে মাছিমপুর ও দৌড় মৌজায় একটি গরুর হাটও উচ্ছেদ করা হয়।
গতকাল উচ্ছেদ অভিযান চলাকালে ঢাকা জেলার নির্বাহী হাকিম মোরারজী দেশাই, গাজীপুরের নির্বাহী হাকিম মোহাম্মদ তোফায়েল আহমেদ, বিআইডব্লিউটিএর পরিচালক সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। তোফায়েল আহমেদ প্রথম আলোকে বলেন, তুরাগে অবৈধ স্থাপনা উচ্ছেদে এই অভিযান অব্যাহত থাকবে।
গণমাধ্যমে তুরাগ নদ ভরাট ও দূষণ নিয়ে প্রতিবেদন প্রকাশের পর গত ১২ জুলাই হাইকোর্টের একটি বেঞ্চ তুরাগ নদের অবৈধ স্থাপনা উচ্ছেদের আদেশ দেন। যার পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার থেকে এই অভিযান চলছে। অভিযানে গাজীপুর জেলা প্রশাসন সহযোগিতা করছে।