তুরাগতীরে কাল শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টঙ্গীর তুরাগ নদের তীরে কাল শুক্রবার থেকে শুরু হচ্ছে তাবলিগ জামাত আয়োজিত বার্ষিক বিশ্ব ইজতেমা।
ইজতেমার প্রথম পর্বে অংশ নিতে গতকাল বুধবার ভোর থেকেই মুসল্লিরা ইজতেমা ময়দানে জেলাভিত্তিক নির্ধারিত স্থানে
(খিত্তা) অবস্থান নিতে শুরু করেছেন। আগামী রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার প্রথম পর্ব।
ইজতেমা আয়োজনের দায়িত্বে থাকা মুরব্বি গিয়াস উদ্দিন জানান, বিশ্ব ইজতেমার প্রস্তুতি পুরোপুরি শেষ। এখন চলছে শেষ পর্যায়ের টুকিটাকি কাজ। আগামীকাল শুরু হতে যাওয়া ইজতেমার প্রথম পর্ব শেষ হলে চার দিন বিরতি দিয়ে ২০ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্ব। ২২ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দুই পর্বে ভাগ করা বিশ্ব ইজতেমা। বিশাল এই ধর্মীয় জমায়েত আয়োজনের সুবিধার্থে কয়েক বছর ধরে দুই পর্বে অনুষ্ঠিত হচ্ছে।
প্রথম পর্বে ২৭টি খিত্তায় অবস্থান নেবেন ১৭ জেলার মুসল্লিরা। খিত্তাগুলো হলো ঢাকার জন্য (খিত্তা ১ থেকে ৫), টাঙ্গাইল (৬, ৭ ও ৮), ময়মনসিংহ (৯, ১০ ও ১১), মৌলভীবাজার (১২), ব্রাহ্মণবাড়িয়া (১৩), মানিকগঞ্জ (১৪), জয়পুরহাট (১৫), চাঁপাইনবাবগঞ্জ (১৬), রংপুর (১৭), গাজীপুর (১৮ ও ১৯), রাঙামাটি (২০), খাগড়াছড়ি (২১), বান্দরবান (২২), গোপালগঞ্জ (২৩), শরীয়তপুর (২৪), সাতক্ষীরা (২৫) ও যশোর (২৬ ও ২৭)।