তুরাগতীরে বালুর গদি করতে সবুজে কোপ

রাজধানীর গাবতলী-আশুলিয়া প্রধান সড়কের পাশে তুরাগ নদের তীরের নিচু জমি ভরাট করে অবৈধভাবে তৈরি হচ্ছে বালু বিক্রির গদি। এ জন্য ওই সড়কের পাশের বেশ কিছুসংখ্যক গাছ কাটার আয়োজন চলছে। কিছু গাছ ইতিমধ্যে কেটে ফেলা হয়েছে।
নদ ও তীরভূমি ভরাট করা জলাধার সংরক্ষণ আইনের লঙ্ঘন। রাজধানী ও আশপাশের চারটি নদী দখলমুক্ত রাখার ব্যাপারে উচ্চ আদালতেরও নির্দেশ রয়েছে। অন্যদিকে বন বিভাগের অধীন এসব গাছ কাটা বা এর ক্ষতি করা সম্পূর্ণ নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ। কিন্তু পরিবেশ ধ্বংসকারী এই কার্যকলাপের বিরুদ্ধে এ পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর উদ্যোগ নেই।
কয়েক দিন আগে গাবতলী-আশুলিয়া সড়কে গিয়ে দেখা যায়, তুরাগতীরের নিচু জমি ভরাটের মহোৎসব চলছে। মিরপুর মাজার রোড থেকে বেড়িবাঁধের দিকে ঢুকতেই দেখা যাবে বাঁধের বাইরে অনেক জায়গা ভরাট করে ‘মাঠ’ তৈরি করে ফেলা হয়েছে। সেখান থেকে বিআইডব্লিউটিএর সিন্নিরটেক ল্যান্ডিং স্টেশন, গোরান চটবাড়ি পানি উন্নয়ন বোর্ডের পাম্প স্টেশন পর্যন্ত যত দূর দেখা যায়, শুধু ভরাটের দৃশ্য। ধউর থেকে আবদুল্লাহপুর পর্যন্ত অন্তত ১৮টি স্থানে নদের জায়গায় বালু ভরাট করা হয়েছে।
বিরুলিয়া বাসস্ট্যান্ড এলাকায় নদের তীর ভরাট হয়েছে সবচেয়ে বেশি। এখানে প্রায় ৩০ ফুট উঁচু একটি বটগাছের বড় তিনটি ডাল কেটে ফেলা হয়েছে। বালুর গদি বসানোর আয়োজন প্রায় শেষ পর্যায়ে। বিরুলিয়া গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, তাঁরা শুনেছেন বটগাছটির বাকি অংশ কেটে ফেলার প্রস্তুতি চলছে, আরও বেশ কিছু গাছ কাটা হবে। গদিতে ট্রাক ঢোকার জন্য ওই গাছ কেটে উন্মুক্ত স্থান বের করা হবে। দেখা গেল, ওই এলাকায় বালু মজুত করার জন্য দুটি জায়গা (স্থানীয় ভাষায় ‘পকেট’) তৈরি করা হয়েছে।
চলমান রাজনৈতিক অস্থিরতার সময়ে একটি বালুর গদির পাশে তিনটি বড় গাছের ডালপালা কেটে ফেলা হয়েছে। এলাকাবাসীর অভিজ্ঞতা, ডাল কেটে ফেলে গাছগুলো কিছুটা দৃষ্টির আড়ালে পড়লেই তা পুরো কেটে ফেলা হয়।
বিরুলিয়া গ্রামবাসীর সহায়তায় ২০০০ সালে ধানমন্ডি গভ. বয়েজ হাই স্কুল ওল্ড স্কাউটের উদ্যোগে এই এলাকায় বেশ কিছু গাছ লাগানো হয়। বিশেষ করে বেড়িবাঁধের পাশে বিরুলিয়া বাসস্ট্যান্ড থেকে পাউবো পাম্প হাউস পর্যন্ত প্রায় এক কিলোমিটার পথে। রাস্তার পশ্চিম পাশে শোভা পাচ্ছে বট, মেহগনি, কড়ই, শিলকড়ই, চাম্বল, কৃষ্ণচূড়া, সেগুন, আম, জাম, কাঁঠাল, পেয়ারা, জলপাই, আমলকী, কামরাঙাসহ দুই শতাধিক বনজ ও ফলদ গাছ। এগুলো ছায়াসুনিবিড় একটি সবুজবেষ্টনী তৈরি করেছে।
স্থানীয় লোকজন বলেছেন, একটি দুষ্টচক্র গত ৬ অক্টোবর বটগাছটি কেটে ফেলার পরিকল্পনা করে। ২৪ অক্টোবর রাত ১২টার দিকে এলাকার ব্যবসায়ী আবদুল কাদের মিয়া ও তাঁর অংশীদারদের নির্দেশে এলাকার আরফান উদ্দিন, আবদুল মজিদ ওরফে খাবুল বিরুলিয়া বাজারসংলগ্ন গাছটির কিছু অংশ কেটে ফেলেন। বালুর গদি করার লক্ষ্যেই এটি করা হয়। এর আগে পাশে বালু ভরাট করা হয়। ঘটনার কয়েকজন প্রত্যক্ষদর্শী নাম প্রকাশ না করার অনুরোধ করে এ প্রতিবেদককে বলেন, তাঁরা বিষয়টি ধানমন্ডি গভ. বয়েজ হাই স্কুল ওল্ড স্কাউটের লোকদের জানান। এ বিষয়ে ২৫ অক্টোবর রূপনগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। ওল্ড স্কাউটসের সম্পাদক মো. মোজহারুল হক প্রথম আলোকে বলেন, পরিবেশ বাঁচানোর তাগিদ থেকে তাঁরা এখানে প্রায় ১৩ বছর আগে বৃক্ষ রোপণ অভিযান চালান। গাছগুলো বড় হয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা ছাড়াও এলাকার শোভা বাড়িয়েছে।
নদের তীর ভরাট ও গাছ কাটার জন্য অভিযুক্ত আবদুল কাদের মিয়া এ বিষয়ে প্রথম আলোকে বলেন, ‘এখানে অনেকেই বালুর গদি করছেন, আমি করলে সমস্যা কী?’ নদের তীর ভরাটের জন্য সরকারি কর্তৃপক্ষের কোনো অনুমতি না নেওয়ার কথা স্বীকার করে তিনি বলেন, ‘কেউই অনুমতি নেয় নাই। প্রয়োজন পড়লে পরে দেখা যাবে।’ তবে গাছ কাটার কথা অস্বীকার করে তিনি বলেন, নিজে কোনো গাছ কাটেননি এবং কাটাচ্ছেনও না।
কর্তৃপক্ষের বক্তব্য: ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক সাইফুল ইসলাম বলেন, নদের জায়গা ভরাট করে বালুর গদি নির্মাণের বিষয়ে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) অতীতে ব্যবস্থা নিয়েছে। উচ্ছেদের পর আবারও দখল হয়। সম্প্রতি বিআইডব্লিউটিএর লোক বিরুলিয়া ও আশপাশের এলাকায় গেলে ভরাটকারীরা গা ঢাকা দেন। শিগগিরই আবারও অভিযান চালানো হবে।
পরিবেশ অধিদপ্তরের একজন শীর্ষ কর্মকর্তা বলেন, এ ধরনের অবৈধ কাজের বিরুদ্ধে প্রায় প্রতিদিনই অভিযান ও জরিমানা করা হচ্ছে। এখানেও নিশ্চয়ই অভিযান চলবে।