তুরাগতীরে বিশ্ব ইজতেমার শেষ মুহূর্তের প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টঙ্গীর তুরাগতীরে আগামী শুক্রবার শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এরই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে l ছবি: ফোকাস বাংলা
টঙ্গীর তুরাগতীরে আগামী শুক্রবার শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এরই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে l ছবি: ফোকাস বাংলা

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে আর দুই দিন পরে। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দেশের বিভিন্ন এলাকার মুসল্লিরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে প্রস্তুত করছেন ইজতেমা ময়দান। মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ এই মহাসম্মেলনে যোগ দেবেন লাখ লাখ মুসল্লি।
গতকাল মঙ্গলবার বিশ্ব ইজতেমা ময়দানে গিয়ে দেখা যায়, স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মুসল্লিরা বিশ্ব ইজতেমার মাঠ প্রস্তুতির কাজ করছেন। কেউ খুঁটির ওপর চট টানাচ্ছেন, কেউ কেউ লোহার খুঁটি ও পাইপ দিয়ে মূল মঞ্চ তৈরি করছেন। মাঠ পরিষ্কার ও বালু দিয়ে মাঠ সমান করা, বিদেশি মুসল্লিদের জন্য টিনের কামরা তৈরি করাসহ সব কাজই চলছে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে। বিদেশি মুসল্লিদের জন্য তুরাগপারে রান্নার জন্য গ্যাসের চুলা এবং রান্নাঘরও নির্মাণ করা হয়েছে।
বিশ্ব ইজতেমা কমিটির দায়িত্বপ্রাপ্ত মো. গিয়াস উদ্দিন বলেন, প্রস্তুতি প্রায় শেষের দিকে। ইতিমধ্যে প্রায় ৭০ ভাগ প্রস্তুতি শেষ হয়েছে।

গিয়াস উদ্দিন জানান, দুই পর্বের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হবে ১৩ জানুয়ারি শুক্রবার। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ১৫ জানুয়ারি রোববার শেষ হবে। মাঝে চার দিন বিরতি দিয়ে ২০ জানুয়ারি শুক্রবার শুরু হবে দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বের ইজতেমা ২২ জানুয়ারি রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। ২০১৭ সালের আয়োজনের মধ্য দিয়ে ৫২তম বিশ্ব ইজতেমা শেষ হবে।

মুসল্লিদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় কয়েক বছর আগে ৬৪ জেলার মুসল্লিদের দুই ভাগে ভাগ করে ইজতেমায় অংশ নেওয়ার ব্যবস্থা করা হয়। এক বছর পর পর ৩২ জেলার মুসল্লিরা ইজতেমায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। ৩২ জেলার মুসল্লিরা দুই ভাগে বিশ্ব ইজতেমায় অংশ নেবেন। গত বছর যে ৩২ জেলার মুসল্লিরা দুই পর্বে বিশ্ব ইজতেমায় অংশ নিয়েছিলেন, ওই ৩২ জেলার মুসল্লিরা এ বছর অংশ নিতে পারবেন না।

এ বছর বিশ্ব ইজতেমার দুই পর্বে অংশ নেবেন ৩২ জেলার মুসল্লিরা। জেলাগুলো হলো গাজীপুর, মানিকগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর, সৈয়দপুর, রংপুর, লালমনিরহাট, দিনাজপুর, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, মেহেরপুর, যশোর, বাগেরহাট, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, নোয়াখালী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, বরিশাল ও সাতক্ষীরা।