তুরাগতীরের অবৈধ স্থাপনা বিষয়ে বিচারিক তদন্তের নির্দেশ
গাজীপুরের টঙ্গীর কামারপাড়া সেতুর উভয় পাশে তুরাগ নদের তীরভূমিতে অবৈধ স্থাপনা রয়েছে কি না, তা দেখতে বিচারিক তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গাজীপুরের মুখ্য বিচারিক হাকিমের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্য বিচারিক হাকিম তদন্ত করতে না পারলে জ্যেষ্ঠ বিচারিক হাকিমের নিচে নন—এমন কর্মকর্তাকে দিয়ে ওই তদন্ত করতে বলা হয়েছে।
বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন। আগামী ১ মার্চ পরবর্তী আদেশের জন্য দিন ধার্য করে ওই তদন্তকাজে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান, গাজীপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার, তুরাগ এবং টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) সহযোগিতা করতে বলা হয়েছে।
ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এ গত ৬ নভেম্বর ‘টাইম টু ডিক্লেয়ার তুরাগ ডেড’ শিরোনামে সচিত্র প্রতিবেদন ছাপা হয়। এটি যুক্ত করে তুরাগ রক্ষায় সংশ্লিষ্ট ব্যক্তিদের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে পরদিন রিট আবেদন করে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ।
শুনানি নিয়ে ৯ নভেম্বর আদালত রুল দেওয়ার পাশাপাশি ওই এলাকার তুরাগ নদে সব ধরনের মাটি ভরাট, দখল ও নির্মাণকাজ বন্ধে ৪৮ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেন। এই নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে ২৭ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়। এর ধারাবাহিকতায় গতকাল বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ ছবিসহ একটি প্রতিবেদন দাখিল করে।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মনজিল মোরসেদ। বিআইডব্লিউটিএর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী সৈয়দ মফিজুর রহমান।
পরে আইনজীবী মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, চার নদী রক্ষার মামলায় জরিপ অনুসারে নদীর তীর থেকে দখল উচ্ছেদ করা হয়েছে কি না এবং অবৈধ কোনো স্থাপনা নদীর জায়গায় আছে কি না—এ দুটি বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত করতে বলা হয়েছে। ১ মার্চ তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।