তুরাগপারে তিন লাশ উদ্ধার ঘটনায় একজন গ্রেপ্তার, দাফন সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার তুরাগ নদের পারে তিন লাশ উদ্ধারের ঘটনায় পুলিশ মাহমুদুল হাসান নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। গত বুধবার রাতে ঝালকাঠির রাজাপুর থেকে ঢাকার মোহাম্মদপুর থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূঁইয়া মাহবুব হাসান প্রথম আলোকে জানান, গ্রেপ্তার হওয়া মাহমুদুল নিহত মিজানের চাচাতো শ্যালক। ১৭ এপ্রিল মাহমুদুল রাজাপুর থেকে এসএ পরিবহনে নিহত তাঁর ভগ্নিপতি মিজানুর রহমানের জন্য ৪০ হাজার টাকা পাঠিয়েছিলেন। সন্দেহ করা হচ্ছে, এই খুনের ঘটনায় মাহমুদুল জড়িত। বর্তমানে মাহমুদুল ঝালকাঠির কেন্দ্রীয় কারাগারে আছেন। ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে তাঁকে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে। তাঁর রিমান্ড মঞ্জুর হলে ঝালকাঠি কারাগার থেকে তাঁকে ঢাকায় আনা হবে।তদন্তকারীরা জানান, এসএ পরিবহনের উত্তরার আবদুল্লাহপুর শাখায় টাকা পাঠানোর বিষয়টির খোঁজ নেওয়া নেওয়া হচ্ছে।পিরোজপুর ও ঝালকাঠি প্রতিনিধি জানান, গতকাল বৃহস্পতিবার ফজরের নামাজের পর নাজমুল হক মুরাদকে পিরোজপুরের কাউখালীর পার-সাতুরিয়ায় তাঁর গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। তিনি পিরোজপুরের কাউখালী উপজেলা বন্দরের ব্যবসায়ী ও ছাত্রলীগের নেতা। গতকাল বিকেলে মুরাদ হত্যার প্রতিবাদে কাউখালী বন্দরের দক্ষিণ বাজারের জাগরণী ক্লাব চত্বরে এক সভা অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত এলাকার সব দোকানপাট বন্ধ রাখেন ব্যবসায়ীরা। বেলা ১১টার দিকে ব্যবসায়ীরা বন্দরে শোক শোভাযাত্রা বের করেন।দক্ষিণ বাজার জাগরণী ক্লাব চত্বরে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম আহসান কবির, কাউখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান তালুকদার, উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কৃষ্ণলাল গুহ, থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ব্যবসায়ী কামরুজ্জামান ও নিহত নাজমুল হক মুরাদের ভাই মিরাজুল হক লিপু। বক্তারা নাজমুল হক মুরাদ হত্যার রহস্য উদ্ঘাটন ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানান।এদিকে গতকাল সকালে ঠিকাদার মিজানুর রহমানের লাশ তাঁর গ্রামের বাড়ি ঝালকাঠির রাজাপুর উপজেলার নৈকাঠিতে দাফন করা হয়েছে। ফোরকানের লাশ দাফন করা হয় একই উপজেলার বদরপুর এলাকার তাঁর গ্রামের বাড়িতে।গত মঙ্গলবার বিকেলে তুরাগপারে বালু খুঁড়ে মিজানুর রহমান (৪০), তাঁর বন্ধু নাজমুল হক মুরাদ (২৮) ও তাঁদের সঙ্গী ফোরকানের (১৮) লাশ উদ্ধার করা হয়।