তুরাগপাড়ে মুসল্লির ঢল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে গতকাল শুক্রবার লাখো মুসল্লির অংশগ্রহণে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ঢাকা জেলার একাংশসহ ১৬ জেলার মুসল্লিরা এই পর্বে অংশ নিচ্ছেন। গতকাল জুমার নামাজের সময় ইজতেমা মাঠে নেমেছিল মুসল্লিদের ঢল। জুমার সময় বিছিয়ে নিতে পুরোনো খবরের কাগজ, চাটাইসহ যে যা পেরেছেন, তাই নিয়ে তাঁরা ছুটতে থাকেন ময়দানের দিকে।
গতকাল বাদ ফজর ভারতের মাওলানা আবদুর রহমানের আমবয়ান দিয়ে শুরু হয় ইজতেমা।
বয়ান হয় উর্দুতে। তবে তা বাংলায় তরজমা করেন বাংলাদেশের মাওলানা মো. আবদুল মতিন। আম ও খাসবয়ান, তালিম, দরসে কোরআন ও দরসে হাদিসের মাধ্যমে চলছে ইজতেমা। আগামীকাল রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের ইজতেমা।
৮ জানুয়ারি শুরু হওয়া বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ১০ জানুয়ারি শেষ হয়। প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও রয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা। দেশের বিভিন্ন জেলা থেকে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।
লাখো মুসল্লির জুমার নামাজ: দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মুসল্লি গতকাল ইজতেমা মাঠের জুমার নামাজে যোগ দেন। মূল ময়দান ছাড়িয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ আশপাশের আঞ্চলিক সড়কগুলো কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। জুমার নামাজ পড়ান ঢাকার কাকরাইল মসজিদের ইমাম মাওলানা জুবায়ের। অনেকেই মূল ময়দানে পৌঁছাতে পারেননি। তাঁরা রাস্তার ওপরে, বাসের ছাদে, নৌকায় এমনকি বাড়ির ছাদেও খবরের কাগজ, পলিথিন, চাটাই বিছিয়ে নামাজ আদায় করেন।
এক ঘণ্টা বিদ্যুৎহীন: গতকাল সকালে বিশ্ব ইজতেমা এলাকায় প্রায় এক ঘণ্টা বিদ্যুৎ ছিল না। টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, সকাল সোয়া আটটা থেকে েসায়া নয়টা পর্যন্ত ইজতেমা এলাকায় বিদ্যুৎ ছিল না। এতে সিসিটিভিসহ বিদ্যুৎ-চালিত মনিটরিং কাজ ও পানি উত্তোলন সাময়িক বিঘ্নিত হয়। তবে ইজতেমার পরিচালনা কমিটির সদস্য গিয়াস উদ্দিন বলেন, ইজতেমা ময়দানের ভেতরে বিশেষ ব্যবস্থায় বিদ্যুৎ সচল ছিল।
ইজতেমাস্থলে বিদ্যুৎ-বিভ্রাটের কারণ জানতে বিদ্যুৎ বিভাগের কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রকৌশলী মো. কামরুজ্জামানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
বিদেশিসহ তিন মুসল্লির মৃত্যু: দ্বিতীয় পর্বে যোগ দিতে আসা এক মালয়েশীয় নাগরিকসহ তিনজন মারা গেছেন। নিহত মালয়েশীয় নাগরিকের নাম শাহিদান ইব্রাহিম (৪৮)। তাঁর বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। বাদ মাগরিব ইজতেমা ময়দানে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার সকালে শাহিদান অসুস্থ বোধ করলে তাঁকে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানোর পথে বেলা দেড়টার দিকে তাঁর মৃত্যু হয়। এ ছাড়া গতকাল সন্ধ্যায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে আবুল কাশেম (৬৫) নামে এক মুসল্লির মৃত্যু হয়। তাঁর বাড়ি জামালপুর সদরের কাচারিপাড়া এলাকায়।
এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে বগুড়ার গাবতলীর মাঝবাড়ি এলাকার আবদুর রহমান (৬০) নামের এক মুসল্লি হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।
বিদেশি মুসল্লি: গাজীপুর পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আবদুল মোমিন বলেন, ইজতেমার দ্বিতীয় পর্বে সৌদি আরব, যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান, তুরস্ক, লেবানন, ফিলিস্তিন, আফগানিস্তান, যুক্তরাজ্যসহ বিশ্বের ৯৬টি দেশের সাত হাজারের বেশি মুসল্লি অংশগ্রহণ করছেন।
নিরাপত্তা জোরদার: আগত মুসল্লিদের নিরাপত্তা জোরদার করেছে র্যাব-পুলিশ। গতকাল সকালে ইজতেমা ময়দানে ব্রিফিংয়ে র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, ‘দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে মুসল্লিদের সংখ্যা আরও বেড়ে যায়। আখেরি মোনাজাত আমাদের জন্য চ্যালেঞ্জ। গত পর্ব ও বিগত দিনের অভিজ্ঞতার আলোকে এবারও বেশি সিকিউরিটির ব্যবস্থা নেওয়া হয়েছে।’
গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদ বলেন, প্রতিটি খিত্তায় (মুসল্লিদের জেলাওয়ারি নির্ধারিত স্থান) সাদাপোশাকে পুলিশ সদস্যরা কাজ করছেন। পাঁচ স্তরের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।