তুরাগে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরাগ নদ দখলমুক্ত করতে গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় গতকাল বৃহস্পতিবার ৩৩টি ভ্রাম্যমাণ দোকান ও রেস্তোরাঁ উচ্ছেদ করা হয়েছে। এর মধ্যে স্থানীয় ৪৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহ আলম রিপনের চারটি দোকান রয়েছে।
গাজীপুরের নির্বাহী হাকিম মো. মমিনুর রশিদ ও বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক সাইফুল ইসলামের নেতৃত্বে টঙ্গী মডেল থানার পুলিশের সহযোগিতায় গতকাল বেলা ১১টায় উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে বাধা দেওয়ার চেষ্টা করেন ব্যবসায়ীরা। তাঁরা সরকারি জমিতে ব্যবসাপ্রতিষ্ঠান চালানোর অনুমতি দাবি করেন।
রফিক হোটেলের মালিক মো. রফিক, চায়ের দোকানদার মোতালেব, রাজীবসহ কয়েকজন ব্যবসায়ী ঈদের আগে এভাবে দোকান উচ্ছেদ করায় ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা দাবি করেন, উচ্ছেদের আগে তাঁদের কোনো সময় দেওয়া হয়নি।
কাউন্সিলর শাহ আলম দাবি করেন, ‘আমাদের খরিদ করা জমিতে দোকানঘর ভাড়া দিয়েছি। কিছু অংশ নদের সীমানার মধ্যে থাকলে তা হয়তো ভাঙা গেছে। আমার ছোট ভাই সফিক এসব দেখাশোনা করে।’
অভিযান পরিচালনাকারী মমিনুর রশিদ বলেন, ‘তুরাগ দখলমুক্ত করতে এটি আমাদের নিয়মিত উচ্ছেদ অভিযান। এটা অব্যাহত থাকবে।’