তুরাগে নিখোঁজ ছাত্রের সন্ধান এখনো মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় নৌকা থেকে পড়ে তুরাগ নদে নিখোঁজ স্কুলছাত্র ইমন হোসেনকে (১৪) গতকাল মঙ্গলবারও উদ্ধার করা সম্ভব হয়নি। তার সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং স্থানীয়রা নদে তল্লাশি চালিয়েছে।
ইমন কালিয়াকৈর উপজেলার কারলসুরিচালা এলাকার দারোগা আলীর ছেলে। সে সফিপুর আইডিয়াল স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র।
নিখোঁজ ওই ছাত্রের পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ইমন গত সোমবার সকালে ১৫-১৬ জন বন্ধুর সঙ্গে কালিয়াকৈর উপজেলার কারলসুরিরচালা এলাকা থেকে ইঞ্জিনচালিত নৌকায় করে পিকনিকে যাচ্ছিল। বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বোয়ালী ইউনিয়নের গলাচিপা এলাকায় পৌঁছালে নৌকা থেকে ইমন হঠাৎ তুরাগ নদে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে তার বন্ধু ও এলাকাবাসী ইমনকে খোঁজাখুঁজি শুরু করে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ইমনের সন্ধান করলেও তার খোঁজ পাননি। অবশেষে ওই দিনই টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেয়। কিন্তু গতকাল সন্ধ্যা সাতটা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা অপূর্ব বল বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরি দল তুরাগ নদে সন্ধান চালিয়ে যাচ্ছে।