তুরাগে নির্মাণশ্রমিককে ছুরিকাঘাত ও জবাই ছুরিসহ গ্রেপ্তার ১
রাজধানীর তুরাগ থানার পাকুরিয়ায় গত বৃহস্পতিবার রাতে স্বপন মিয়া (২৫) নামের এক নির্মাণশ্রমিককে ছুরিকাঘাতে ও জবাই করে হত্যা করা হয়েছে। স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে রক্তমাখা ছুরিসহ রাজু আহমেদ নামের এক যুবককে ধরে পুলিশে সোপর্দ করে। পুলিশ জানায়, রাজু এই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।পুলিশ ও নিহত স্বপনের পারিবারিক সূত্র জানায়, স্বপন স্ত্রী নুরুননাহার ও আড়াই বছর বয়সী সন্তান নাইমকে নিয়ে পাকুরিয়ায় থাকতেন। বৃহস্পতিবার রাত আটটার দিকে কাজ শেষে বাসায় ফেরার পথে পাকুরিয়ায় মসজিদের পেছনে স্বপনের পথ রোধ করেন তাঁর তিন সহকর্মী। একপর্যায়ে তাঁরা স্বপনের বুকে ও পিঠে ছুরিকাঘাত করেন। তিনি মাটিতে পড়ে গেলে সহকর্মীরা তাঁকে জবাই করেন। স্বপনের গোঙানির শব্দে আশপাশের লোকজন এগিয়ে এসে রক্তামাখা ছুরিসহ রাজুকে ধরে ফেলেন। তবে অন্য দুজন পালিয়ে যান। ছুরিসহ রাজুকে পরে পুলিশে সোপর্দ করা হয়। খবর পেয়ে তুরাগ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বপনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।স্বপনের স্ত্রী বাদী হয়ে এ ঘটনায় রাজুসহ তিনজনকে আসামি করে তুরাগ থানায় হত্যা মামলা করেন।গতকাল শুক্রবার হাসপাতালের মর্গে নুরুননাহারের বড় ভাই আল আমিন জানান, স্বপনের গ্রামের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাটের গাঙনারপাড়ে। ওই এলাকার এক মেয়ে পাকুরিয়ায় স্বপনের পাশের বাসায় থাকতেন এবং তৈরি পোশাক কারখানায় কাজ করতেন।