তুরাগে নয়টি নৌকা পুড়িয়েছেন মুসল্লিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অসামাজিক কাজ চলার অভিযোগ এনে মুসল্লিরা গতকাল শনিবার ঢাকার তুরাগ ও আশুলিয়া থানার সীমান্তবর্তী এলাকার তুরাগ নদে গিয়ে নয়টি নৌকা পুড়িয়ে দিয়েছেন।ঢাকার তুরাগ থানা সূত্রে জানা গেছে, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে আশুলিয়ার চন্দ্রাবাড়ি এলাকার ওবায়দুল তালুকদারের নেতৃত্বে ৩০ থেকে ৩৫ জনের একদল মুসল্লি একটি ট্রলার নিয়ে তুরাগ নদে ভাসমান তিনটি এবং তীরে ভেড়ানো আরও ছয়টি নৌকায় আগুন ধরিয়ে দেন। এ সময় ওই এলাকায় বেড়াতে আসা তরুণ-তরুণী ও উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মুসল্লিরা পালিয়ে যান। নৌকাগুলো পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।ঘটনার প্রত্যক্ষদর্শী তুরাগে নৌকা চালান এমন একজন মাঝি রাসেল ও লিয়াকতসহ আরও অনেকেই জানান, মুসল্লিরা একটি ট্রলারে করে ঝটিকা বেগে এসে নৌকাগুলোতে আগুন ধরিয়ে দ্রুত চলে যান।জানা গেছে, ঢাকার সাভার ও আশুলিয়াসহ ১১টি থানার সীমান্তবর্তী এলাকা তুরাগ নদ ও এর আশপাশের এলাকা দীর্ঘদিন ধরে বিনোদনকেন্দ্র হিসেবে ব্যবহূত হচ্ছে। প্রতিদিনই হাজার হাজার লোকের সমাগম হয় ওইসব এলাকায়। বিশেষ করে, ভ্রাম্যমাণ হোটেলসহ কয়েক শ ছোট নৌকা বেড়াতে আসা তরুণ-তরুণীদের কাছে খুব জনপ্রিয়। এসব নৌকায় করে তরুণ-তরুণীরা ঘণ্টার পর ঘণ্টা ঘুরে বেড়ান।নাম প্রকাশ না করার শর্তে অনেকেই জানান, নৌকাগুলোতে পর্দা টানিয়ে তরুণ-তরুণীদের অসামাজিক কাজের সুযোগ করে দেন মাঝিরা। এর বিনিময়ে অনেক টাকা হাতিয়ে নেন তাঁরা। এই অসামাজিক কার্যকলাপ বন্ধের জন্য তুরাগ থানার পুলিশ মাস খানেক আগে অভিযান চালিয়ে বেশ কিছু নৌকার পর্দা পুড়িয়ে দেয়। নৌকাগুলোতে যাতে কোনো ধরনের অসামাজিক কার্যকলাপ না চলে, সে জন্য মাঝিদের নানা ভয়ভীতিও দেখানো হয় পুলিশের পক্ষ থেকে। তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালেহ মো. আনসার উদ্দিন নৌকা পুড়িয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘জানতে পেরেছি ওবায়দুল কাদেরের নেতৃত্বে একদল মুসল্লি নৌকাগুলো পুড়িয়ে দেন। মুসল্লিদের অধিকাংশই আশুলিয়ার বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিন।’ওসি জানান, অসামাজিক কার্যকলাপের অভিযোগে মাস খানেক আগে বেশ কিছু নৌকার পর্দা পুড়িয়ে দেওয়া হয়। এর পর থেকে নৌকাগুলোতে অসামাজিক কার্যকলাপ বন্ধ রয়েছে। নৌকা পোড়ানোর বিষয়ে কোনো লিখিত অভিযোগ পেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।