তুরাগে সেনা কর্মকর্তার বাড়িতে ডাকাতি, ৭ লাখ টাকার মালামাল লুট
টঙ্গীর পাশে রাজধানীর তুরাগ থানাধীন বাদালদী গ্রামে গত বৃহস্পতিবার মধ্যরাতে এক সেনা কর্মকর্তার বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতেরা ঘণ্টাব্যাপী অবস্থান করে ছয়-সাত লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। ডাকাতির খবর পেয়ে র্যাব ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।ডাকাতদের হামলার শিকার সেনাবাহিনীর সাবেক অনারারি ক্যাপ্টেন মো. আনিসুর রহমান ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে স্থানীয় সংঘবদ্ধ ডাকাত দল একতলা বাড়ির জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের সবার হাত-পা ও মুখ বেঁধে ঘণ্টাব্যাপী অবস্থান করে লুটপাট চালায়। ডাকাতেরা নগদ টাকা, স্বর্ণালংকার, দুটি মোবাইল ফোনের সেট, দামি আসবাবসহ প্রায় ছয়-সাত লাখ টাকার মালামাল নিয়ে যায়।তিনি আরও জানান, এ এলাকায় ডাকাতের উৎপাত অনেক বেশি। গত সপ্তাহে এ গ্রামের কনফেকশনারি ব্যবসায়ী আ. হান্নানের বাড়িতেও ডাকাতি হয়। তিন মাস আগে পাশের তাফালিয়া গ্রামে এক সেনা কর্মকর্তার বাড়িতে ডাকাতেরা এলোপাতাড়ি কুপিয়ে পাঁচজনকে আহত করে মালামাল লুটে নিয়েছিল।তুরাগ থানার ওসি (তদন্ত) নিবারণ চন্দ্র বর্মণ জানান, ওই এলাকার রাস্তাঘাট খুবই খারাপ। ঠিকমতো পুলিশভ্যান চলাচল করতে পারে না। তিনি আরও জানান, ডাকাতদের গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের একাধিক দল অভিযান অব্যাহত রেখেছে।