তুরাগে সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু
রাজধানীর তুরাগ থানা এলাকায় সড়ক দুর্ঘটনায় এক বাসচালকসহ দুজন মারা গেছেন এবং ২৫ জন আহত হয়েছেন। বাসচালকের নাম খায়রুল ইসলাম (২৮)। নিহত অপর ব্যক্তির পরিচয় পায়নি পুলিশ। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে হাজী কালু মিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এদিকে রাজধানীর রমনা ও শ্যামপুর এলাকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, তুরাগে ট্রাক-মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে তাঁদের মৃত্যু হয়েছে। তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) আজিজুর রহমান প্রথম আলোকে বলেন, সকালে ওই এলাকার হাজী কালু মিয়া বাসস্ট্যান্ড-সংলগ্ন ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ট্রাক-মিনিবাসের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই খায়রুল মারা যান। তাঁর গ্রামের বাড়ি পটুয়াখালীর মির্জাপুরে। আহত আরেকজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর বিকেলে তিনি মারা যান। নিহত অজ্ঞাত ওই ব্যক্তি চালকের সহযোগী ছিলেন। অন্য আহত যাত্রীদের মধ্যে চারজন ইস্ট ওয়েস্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তুরাগ থানায় মামলা হয়েছে।
এদিকে রাজধানীর রমনা ও শ্যামপুর এলাকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন সাইদুল ইসলাম (২২) ও মো. ফারুক (৩০)। গতকাল শুক্রবার ময়নাতদন্তের জন্য তাঁদের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে আনা হয়।
রমনা থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, গতকাল ভোর পাঁচটার দিকে রমনা থানার পুলিশ ভবনের পাশের সড়কে এক যুবক রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন। তাঁর পরনে ছিল জিনসের ফুলপ্যান্ট ও খয়েরি রঙের জ্যাকেট। ওই যুবকের পাশে কিছু কাঁচা সবজি পড়েছিল। এ অবস্থায় তাঁকে দেখতে পেয়ে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা পুলিশকে খবর দেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।