তুরাগের ১০৯টি স্থান দখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আমিনবাজার সেতু থেকে উত্তরার ফয়দাবাদ পর্যন্ত তুরাগ নদের ১০৯টি স্থান দখল হয়ে গেছে। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান মিলে প্রায় পাঁচ কোটি ২৩ লাখ বর্গফুট জায়গা দখল করেছে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও জাতীয় নদী রক্ষা আন্দোলনের যৌথ উদ্যোগে পরিচালিত এক পরিদর্শন প্রতিবেদনে এ চিত্র তুলে ধরা হয়েছে। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে সংগঠন দুটির উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলন প্রতিবেদনের তথ্য তুলে ধরেন বাপার সাধারণ সম্পাদক আবদুল মতিন।
প্রতিবেদনে বলা হয়, নদের জমি দখলি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে হাউজিং ও বালুর ব্যবসা, কারখানা, বাড়িঘর, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, বালুমাটি টানার ড্রেজিং পাইপ, টংঘর ও কাঠের আড়ত।
নদের দখল-দূষণের মধ্যে ৭৭টি স্থান (৭০ দশমিক ৬৪ শতাংশ) ঢাকার দিকের পাড় অর্থাৎ মিরপুর, আশুলিয়া ও উত্তরা এলাকায়। আর ৩২টি স্থান (২৯ দশমিক ৩৬) নদের অপর পাড়ে সাভার, জয়দেবপুর ও টঙ্গী এলাকাধীন। দখল-দূষণ অবকাঠামোর মধ্যে দখলি স্থাপনা হচ্ছে ৯৭টি।
সংবাদ সম্মেলনে বলা হয়, পুরো নদের পানির রং ঘন কালো ও দূষক পদার্থমিশ্রিত। এর সিংহভাগের উৎস হচ্ছে সরকারি প্রতিষ্ঠান যেমন ঢাকা ওয়াসা, পানি উন্নয়ন বোর্ড এবং কিছু বেসরকারি শিল্পকারখানা। এ ছাড়া নদীর পাড়ের প্রতিটি প্রতিষ্ঠান, বাড়িঘর, পানি ও বর্জ্য নালাগুলো প্রকাশ্যে ও গোপনে নদীর সঙ্গে যুক্ত রয়েছে।
পরিদর্শনে দেখা যায়, তুরাগ নদের সীমানা চিহ্নিত করার জন্য পোঁতা বিশালসংখ্যক খুঁটি অযত্নে-অবহেলায় আংশিক বা পুরো ভাঙা। অনেকগুলো নিশ্চিহ্ন হয়ে গেছে।
সংবাদ সম্মেলনে তুরাগ নদ রক্ষায় চার দফা দাবিও তুলে ধরা হয়। এগুলো হলো নদের দখলদারদের বসানো সব মাটি- বালু এবং অন্যান্য স্থায়ী-অস্থায়ী স্থাপনা নির্মোহ ও কঠোর হস্তে উচ্ছেদ করে নদীর জমি নদকে ফিরিয়ে দেওয়া। নদের সব ধরনের বর্জ্য নিষিদ্ধ করা, নদের পাড়ে ভুলভাবে পোঁতা সব খুঁটি তুলে উচ্চ আদালতের নির্দেশ মেনে সঠিক স্থানে খুঁটি বসানো এবং ভুল স্থানে খুঁটি পোতার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন বাপার মোয়াজ্জেম হোসেন, শরিফ জামিল প্রমুখ।