তুরিন আফরোজের বাড়িতে বোমা হামলার নিন্দা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তুরিন আফরোজের বাসার সামনে বোমা হামলার নিন্দা জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। সংগঠনের সভাপতি বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী, নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির ও সাধারণ সম্পাদক কাজী মুকুল স্বাক্ষরিত এক বিবৃতিতে গতকাল সোমবার এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের হরতাল কর্মসূচিকে ব্যবহার করে জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়ার সঙ্গে যুক্ত বিচারক, আইনজীবী, মন্ত্রী ও গণমাধ্যমের ওপর সুপরিকল্পিত হামলা চালাচ্ছে। রোববার রাতে ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ও নির্মূল কমিটির আইন সম্পাদক তুরিন আফরোজের বাড়ির দরজায় সন্ত্রাসীরা বোমা ছোড়ে। এর আগের দিন প্রধান বিচারপতি, আপিল বিভাগের বিচারপতি ও আইনমন্ত্রীর বাড়ির সামনেও বোমা হামলা হয়েছে। বিবৃতিতে ট্রাইব্যুনাল ও মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়ার সঙ্গে যুক্ত প্রত্যেকের সার্বিক নিরাপত্তা দান এবং সন্ত্রাসী ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড কঠোরভাবে দমনের দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ‘আমরা নির্মূল কমিটির বিভিন্ন শাখার মাধ্যমে জানতে পেরেছি, ২০০১ সালের মতো নির্বাচনের আগেই বিভিন্ন অঞ্চলে হিন্দু সম্প্রদায়ের ওপর পরিকল্পিত হামলা, নারী নির্যাতন, লুণ্ঠন, জোরপূর্বক চাঁদা আদায় ও হুমকির ঘটনা শুরু হয়েছে। গত দুই দিনে বগুড়া, বরিশাল ও নোয়াখালী থেকে পাওয়া এ ধরনের সংবাদে আমরা উদ্বিগ্ন ও ক্ষুব্ধ।’ বিজ্ঞপ্তি।