তুলসী হত্যার বিচারের দাবিতে কর্মবিরতি
পাবনায় চুরির অভিযোগে তুলসী চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার মামলার ১১ জন আসামির মধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটি গতকাল রোববার দেশব্যাপী কর্মবিরতি পালন করেছে।
বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব নির্মল চন্দ্র দাস বলেন, দাবি আদায়ের লক্ষ্যে হরিজনেরা ঐক্যবদ্ধ। ঘটনার পর থেকেই তাঁরা বিভিন্ন কর্মসূচি পালন করছেন। তবে সংখ্যালঘু হওয়ায় এসব কর্মসূচি পালন করতে তাঁদের বিভিন্ন ধরনের চাপে পড়তে হয়। কিছু এলাকা ব্যতীত দেশের সব জেলাতেই রোববার কর্মবিরতি পালন করা হয়েছে।
বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ পাবনা জেলা শাখার সদস্য আশিষ কুমার বলেন, কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী গতকাল পাবনার কোনো হরিজন কাজে যাননি। সবাই দিনভর বাড়িতে ছিলেন। সব আসামি গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
তুলসী চন্দ্র দাস (২২) শালগাড়িয়া মহল্লার নিয়ম ফুড লিমিটেড কারখানার পরিচ্ছন্নতাকর্মী ছিলেন। ১ আগস্ট কারখানার এক কর্মচারীর সাইকেল চুরির অভিযোগে তাঁকে মারধর করা হয়। পরে তিনি মারা যান। ঘটনায় তুলসীর বাবা শ্রী বিনোদ কুমার দাস বাদী হয়ে কারখানার মালিক ফরহাদ হোসেন, মালিকের ভাই ও জেলা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক আবদুল হান্নান, ফরহাদের ভাতিজা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও রফিকুলের বাবা এ কে এম হাসানসহ ১১ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। পুলিশ ঘটনার রাতে এ কে এম হাসানকে গ্রেপ্তার করে। এ ছাড়ার কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
মহাসচিব নির্মল চন্দ্র দাস বলেন, ‘ঘটনার এত দিন পরও অন্য আসামিরা গ্রেপ্তার না হওয়ায় আমরা হতাশ হচ্ছি। সত্যিই বিচার পাবে কি না তা নিয়ে শঙ্কিত। তবে আন্দোলন চলবে। আমরা কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক করে পরবর্তী পদক্ষেপ ঘোষণা করব।’
পাবনা সদর থানার ওসি আহসানুল হক বলেন, ঘটনার পর থেকেই আসামিরা বাড়িছাড়া। তবে তাদের ধরতে অভিযান অব্যাহত আছে। আশা করছি, খুব শিগগিরই সবাইকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।