তুলসীপাতার চা এখন ‘টি ব্যাগে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুলসীপাতার চা এখন টি-ব্যাগ আকারে পাওয়া যাচ্ছে। গাইবান্ধার তুলসীঘাটে গত রোববার থেকে তুলসীপাতার ‘টি ব্যাগ’ তৈরির কার্যক্রম উদ্বোধন করেন স্থানীয় সাংসদ মাহবুব আরা বেগম। দেশে প্রথমবারের মতো টি ব্যাগে করে তুলসীপাতার চা বাজারজাত করার উদ্যোগ নিয়েছে গাইবান্ধার পল্লীবধূ কল্যাণ সংস্থা নামের একটি সংগঠন।তুলসীপাতার চা নিয়ে ২০০৯ সালের ১৭ জুলাই প্রথম আলোর বিশাল বাংলায় শুক্রবারের বিশেষ প্রতিবেদন ছাপা হয়।কল্যাণ সংস্থা সূত্র জানায়, সম্প্রতি ২৭ লাখ টাকা ব্যয়ে চীন থেকে টি ব্যাগ উৎপাদনকারী মেশিনটি কেনা হয়েছে। মেশিন থেকে প্রতি ঘণ্টায় সাড়ে চার হাজার টি ব্যাগ তৈরি করা সম্ভব। উদ্বোধনের পর থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত এক লাখ টি-ব্যাগ উৎপাদন করা হয়েছে। প্রাথমিকভাবে এগুলো স্থানীয় বাজারে বিক্রি করা হচ্ছে। প্রতিটি টি ব্যাগের মূল্য নির্ধারণ করা হয়েছে তিন টাকা।সূত্রটি আরও জানায়, ২০০৫ সাল থেকে তুলসীপাতা থেকে চা উৎপাদনের গবেষণা শুরু হয়। ২০০৬ সালে শুরু হয় উৎপাদন। প্রথমে ১২ মাস বয়সী তুলসীগাছের পাতা সংগ্রহ করে রোদে শুকানো হয়। পরে শুকনো পাতায় লেগে থাকা ধুলোবালি ও ময়লা পরিষ্কার করা হয় ছাঁকনি দিয়ে। তখন থেকে গ্র্যান্ডিং মেশিন দিয়ে প্রক্রিয়াজাতের পর প্যাকেট করা হচ্ছে। একই প্রক্রিয়ায় বর্তমানে টি ব্যাগ আকারেও উৎপাদন শুরু হলো।গাইবান্ধার চিকিৎসক ফেরদৌস হোসেন বলেন, তুলসীপাতার চা সাধারণ চায়ের নেশা মেটানোর পাশাপাশি মানবদেহে রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে। এ ছাড়া শিশুদের সর্দি-কাশি, বড়দের অ্যাজমা, হাঁপানি, ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, বদহজম, ব্যথা প্রতিরোধে কাজ করে।কল্যাণ সংস্থা সূত্র জানায়, এই শিল্প চালু হওয়ায় বর্তমানে আড়াই হাজার দরিদ্র নারীর কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। বিদেশে তুলসীপাতার চায়ের চাহিদা প্রচুর। ভারত, শ্রীলঙ্কা, নেপাল, জাপান, যুক্তরাষ্ট্রসহ ইউরোপীয় দেশগুলোতে তুলসীপাতার চা তৈরি হচ্ছে।গাইবান্ধা পল্লীবধূ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মনোয়ারা তালুকদার প্রথম আলোকে বলেন, ২০১৫ সালের মধ্যে ১২ হাজার নারীকে এই কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করা হবে। এ ছাড়া কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার জন্য এক একর জমি কেনা হয়েছে।