তুলা কারখানায় চার ঘর ও আট মেশিন পুড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের পৌর এলাকায় একটি তুলা কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় গুদামসহ চারটি ঘর ও তুলা ধুনার আটটি মেশিন পুড়েছে। আজ বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে এলাকার মেসার্স তালুকদার ট্রেডার্স তুলা কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কারখানার মালিক মামুনুর রশিদ ও আবদুল হান্নান। তাঁরা জানান, তুলা কারখানার একটি মেশিন থেকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীদের আসাতে দেরি হওয়ায় ও একটি পানির পাম্প চালু না হওয়ায় ক্ষতির পরিমাণ বেশি হয়েছে বলে অভিযোগ করেন তাঁরা।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের উপপরিচালক আবদুল হামিদ জানান, সকাল ছয়টার দিকে কারখানার মেশিনের ঘর্ষণ থেকে আগুন লাগে। চারদিকে তুলা থাকায় নিমেষে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ছোট পাম্প মেশিনটি প্রথমে চালু না হওয়ায় পরে বড় পাম্প মেশিনটি চালু করে পানি সরবরাহ করা হয়।