তুলা চাষে উদ্বুদ্ধ করতে প্রশিক্ষণ
নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুরী ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে গতকাল বুধবার তুলা চাষে উদ্বুদ্ধ করতে কৃষকদের নিয়ে এক প্রশিক্ষণের আয়োজন করা হয়। তুলা উন্নয়ন বোর্ডের গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে তুলা উন্নয়ন বোর্ড রংপুর জোন এর আয়োজন করে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ডাঙ্গাপাড়া গ্রামের আবদুল মালেকের বাসভবনের সামনে গতকাল বেলা ১১টার দিকে ওই প্রশিক্ষণ শুরু হয়। সেখানে প্রশিক্ষণ উপলক্ষে মতবিনিময় সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের তুলা উন্নয়ন বোর্ড ঢাকার উপপরিচালক মো. তাসদিকুর রহমান। সভাপতিত্ব করেন তুলা উন্নয়ন বোর্ড রংপুরের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা কৃষিবিদ মো. জিল্লুর রহমান। বক্তব্য দেন কর্মসূচি পরিচালক কৃষিবিদ মো. মোস্তফা কামাল, এম এস এন কটন ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল মালেক, গোমনাতি কলেজের সাবেক অধ্যক্ষ কামরুল আলম প্রমুখ।
মো. তাসদিকুর রহমান বলেন, ‘জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের তুলার প্রয়োজন হয়, কিন্তু দেশে চাহিদার ৫ শতাংশ তুলাও উৎপাদন হয় না। ধান চাষে লাভ না হলেও তুলা চাষ করে প্রতি বিঘা জমিতে ১০ থেকে ১৫ হাজার টাকা লাভ করা সম্ভব।’
বক্তারা বলেন, প্রতি বিঘায় ১৫ থেকে ২০ মণ তুলা ফলানো সম্ভব। বাজারে এর দাম কমানোর কোনো সুযোগ নেই। দেশের সব প্রান্তে একই দামে তুলা বিক্রি হয় ও প্রতি মৌসুমে একটি দাম নির্ধারণ করা হয়।
প্রশিক্ষণে এলাকার শতাধিক কৃষক অংশ নিয়ে তুলা চাষে আগ্রহ প্রকাশ করেন ও তুলা উন্নয়ন বোর্ডের সার্বিক সহযোগিতা কামনা করেন।