তুলা চুরির জন্য কাভার্ডভ্যান চালককে খুন করে চোরচক্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫০ লাখ টাকার তুলা চুরি করতে গিয়ে কাভার্ডভ্যানের চালক সুজন বড়ুয়াকে খুন করে চোরচক্র। পরে লাশ ঢাকার উত্তরায় নির্জন স্থানে ফেলে চলে যায় চোরেরা। কাভার্ডভ্যান ভর্তি ৫১ বেল তুলা তারা আশুলিয়ায় মাত্র চার লাখ টাকায় বিক্রি করে দেয়। গত ১৫ এপ্রিল চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার পথে মহাসড়কে এ ঘটনা ঘটে।চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানায় দায়ের হওয়া একটি তুলা চুরির ঘটনা তদন্ত করতে গিয়ে বের হয়ে আসে চাঞ্চল্যকর এ তথ্য। চট্টগ্রামের গোয়েন্দা পুলিশ মামলাটির তদন্ত করছে। তারা চোরচক্রের চার সদস্য ও দুই তুলা বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।গোয়েন্দা পুলিশের একটি দল দুই দিন ধরে চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে খুন ও চুরির অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন, মো. জাহাঙ্গীর আলম ওরফে জাহাঙ্গীর ডাক্তার (৪০), মো. মাসুম (২৫), মো. শহীদুল ইসলাম (৩২), মো. ফরহাদ (২৮), মহির আলম ওরফে ভুট্টু (৪০) ও মো. নাজিরুল ইসলাম ওরফে বাবুল (৪৬)।পুলিশ সূত্র জানায়, হত্যাকাণ্ডের শিকার সুজন বড়ুয়া চট্টগ্রামের বাঁশখালী থানার জলদির বড়ুয়াপাড়ায়। গতকাল শুক্রবার সুজনের মা জোছনা বড়ুয়া চট্টগ্রামের গোয়েন্দা কার্যালয়ে এসে কান্নায় ভেঙে পড়েন।চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি-বন্দর) মোহাম্মদ হাছান চৌধুরী বলেন, তুলা চুরি হওয়ার পর ট্রান্সপোর্টের দায়িত্বে থাকা নিউ পদ্মা সার্ভিসের মালিক চন্দন দাশ পতেঙ্গা থানায় গত ১৯ এপ্রিল একটি মামলা করেন। ওই মামলা তদন্ত করতে গিয়ে চালককে কীভাবে হত্যা করা হয়, কোথায় তুলা বিক্রি করা হয়, তা বেরিয়ে আসে।জানা গেছে, গত ১৫ এপ্রিল বিকেলে চট্টগ্রামের পতেঙ্গা থানার এনকন ট্রেড ইন্টারন্যাশনাল ডিপো থেকে চার কাভার্ডভ্যান তুলা ঢাকার সাদিয়া স্পিনিং মিলের উদ্দেশে পাঠানো হয়। পরদিন তিন ট্রাক তুলা পৌঁছে গেলেও এক গাড়ি পৌঁছেনি। ওই কাভার্ডভ্যান চালাচ্ছিলেন সুজন। বদলি সহযোগী হিসেবে ছিলেন জাহাঙ্গীর।