তুলার কারখানায় ভয়াবহ আগুন
চট্টগ্রাম নগরের প্রবেশদ্বার সিটি গেটের কাছে কালিরহাট এলাকায় একটি তুলা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় তুলা তৈরির কাঁচামাল ঝুট কাপড় পুড়ে গেছে।
গতকাল সকাল সাড়ে নয়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আগ্রাবাদ ও বন্দর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চারটি দল ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে সীতাকুণ্ড উপজেলার আকবরশাহ থানার কালিরহাট এলাকায় স্থানীয় রমজান আলীর মালিকানাধীন মোকলেস এন্টারপ্রাইজ নামের একটি তুলা তৈরির কারখানায় আগুন ধরে যায়। এখানে ঝুট কাপড় থেকে তুলা তৈরি করা হতো। এতে মুহূর্তেই পুড়ে যায় কাঁচামাল হিসেবে রাখা ঝুট কাপড় ও উৎপাদিত তুলা। খবর পেয়ে দমকলকর্মীরা ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জসিম উদ্দীন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিড়ি কিংবা সিগারেটের আগুন থেকে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। এতে ক্ষতির পরিমাণ দুই লাখ টাকা। কারখানার মালিক বলেন, তিনি নোয়াখালীতে আছেন। কর্মচারীদের থেকে খবর পেয়েছেন, কারখানার যন্ত্রপাতিসহ সব জিনিস পুড়ে গেছে। এতে অন্তত ১১ লাখ টাকার ক্ষতি হয়েছে।